বালুরঘাটে শুরু হলো ইমাজিনিয়া ফ্লো ২০২২’
নীলাদ্রি শেখর মুখার্জী,দক্ষিন দিনাজপুর
৯ থেকে ১৩-ই ফেব্রুয়ারি বালুরঘাট শহরে ‘দক্ষিণ দিনাজপুর ফিল্ম ও ফটোগ্রাফি ক্লাব’ এবং ‘আতস’-এর যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে উত্তরবঙ্গের সর্ববৃহৎ ছবির উৎসব বালুরঘাট পৌরসভার বিপরীতে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সামনে। গতকাল তার উদ্বোধন করলেন বঙ্গরত্ন শ্রী তাপস চক্রবর্তী মহাশয়। উপস্থিত ছিলেন শ্রী পবন গোয়েঙ্কা, সেক্রেটারী, বালুরঘাট আত্রায়ী রোভার রোটারি ক্লাব, শ্রী সমিত ঘোষ, ইতিহাসবিদ ও শ্রী শুভদীপ ব্যানার্জি , বার্তা সম্পাদক, উত্তরবঙ্গ সংবাদ, মালদা বিভাগ। ভার্চুয়াল শুভেচ্ছা জানিয়ে ভিডিও পাঠিয়েছিলেন শ্রী শাস্ত্রজ্ঞনন্দাজী মহারাজ, অধ্যক্ষ, বেলুড় রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির, অভিনেতা শ্রী কাঞ্চন মল্লিক ও সৌরভ দাস, জেলার গর্ব দেশের অন্যতম তরুণ উদ্যোগপতি শ্রী রাহুল বসাক।
আয়োজক সংগঠনের পক্ষে শ্রী ঋত্বিক সাহা জানান যে শুধুমত্র আলোকচিত্র বা চিত্রকলার প্রদর্শনী নয়, তার সাথে জেলার ঐতিহ্য ও ইতিহাসের একটি পরিপূর্ণ প্রদর্শনী ও আলোচনা সভা, কুইজ এবং স্থনীয় শিল্পীদের দ্বারা নির্দেশিত সিনেমা ও বাংলা আধুনিক গানের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আগামী ৫ দিন ধরে। সম্পূর্ন অনুষ্ঠানের কিউরেটর শ্রী অনিঙ্ক আচার্য জানান যে আলোকচিত্রের ক্ষেত্রে এবছর শুধু জেলা বা রাজ্যের নয়, দেশের বাইরেও স্পেন, ইতালি, ব্রাজিল ও বাংলাদেশ থেকেও আলোকচিত্রশিল্পী অংশগ্রহণ করেছে। সর্বমোট ৭৪ টি আলোকচিত্র , ৯০ টি চিত্র ও আটটি ভাস্কর্য অনুষ্ঠানে প্রদর্শিত হবে। অনুষ্ঠানের থিম সং তৈরী করেছে জেলার আস্তাবল প্রোডাকশন হাউস।













