“মা” , আমার এবং আমাদের জীবনের প্রথম উচ্চারণ
সুপ্রিয় সেনগুপ্ত (কারিগরি কবিয়াল)
কবি, বাচিক শিল্পী ও নাট্যকর্মী
মা
“মা” , আমার এবং আমাদের জীবনের প্রথম উচ্চারণ , প্রথম ভালোবাসার প্রকাশ, প্রথম বোধের বোধন, হাতে খড়ি ও অক্ষর চেনার পর প্রথম নিজের মন থেকে লেখা শব্দ এবং সর্বোপরি সম্পূর্ণ মানসিক শক্তির আধার । “মা” এমন একটি শব্দ, যা স্থানীয়, জাতীয়, বিজাতীয়, আন্তর্জাতিক সমস্ত রকম ব্যাকরণের নিয়মাবলীর নানান বিবর্তন,বিবর্ধন, পরিমার্জনের মায়া জালে জড়িয়েও নিজে প্রায় নিজের জায়গাতেই রয়ে গিয়েছে। মা, মাম্ , মম্ , মাদার , মাম্মা, মাদ্রে(ইটালিয়ান), মেট (ল্যাটভিয়ান), মোটিনা (লিথুয়ানিয়া),মাটের (ল্যাটিন)……মূল “মা” কিন্তু রয়েই গেছে।
“মা” শব্দের মত মায়েরা ও সন্তানের জীবনে ওতোপ্রোতভাবে এক এবং অদ্বিতীয়। জীবনের ল্যাবরেটরী তে, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, শারীরিক, প্রাকৃতিক, পরিস্থিতিগত, কত শত রাসায়নিক বিক্রিয়া প্রতিনিয়ত নিত্য নতুন ঘটনা ও দুর্ঘটনার জন্ম দিয়ে চলেছে অবিরাম, কিন্তু মায়ের নাড়িকাটা সম্পর্কের সন্তান, মায়ের কাছে চিরকালীন সেই প্রথম ঊষার প্রেম ।…… বিজ্ঞাপনের পরিচিত শব্দ চয়ন….”এ স্বাদের ভাগ হবে না” ।
আমার মনে হয়, যে কোনো সন্তান, তার মা কে নিয়ে লিখতে শুরু করলে, সহজে শেষ লাইনে পৌঁছতে পারবে না। আমাদের মধ্যেই স্বর্গ নরক, সুর-অসুর থাকলেও,এই একটা জায়গাতেই আমরা ,আবাল-বৃদ্ধ-বণিতা সবাই যেন এক ই নৌকার যাত্রী।

সুপ্রিয় সেনগুপ্ত (কারিগরি কবিয়াল)
সুপ্রিয় সেনগুপ্ত প্রযুক্তিবিদ অধিক পরিচিত কারিগরি কবিয়াল নাম তাঁর ইউটুব চ্যানেলের জন্য যেখানে অনন্য সাহিত্যের সেরা নিদর্শন গুলি নিয়ে কাজ করা ছাড়াও সারা বিশ্বের মধ্যে বাঙালির গর্বের মহিষাসুরমর্দিনী বাণীকুমার ও বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের সেই ঐতিহাসিক “মহালয়ার” রেডিও অনুষ্টান কে ইংলিশ ভাষায় উপস্থাপন করে সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা বাঙালির নতুন প্রজন্মের কাছে তুলে ধরেছেন। এছাড়াও বাচিক শিল্পী হিসাবে নানা সামাজিক বিষয়ে ও ক্ল্যাসিক পদ্যের পদ্যকার ।


















