ড. বি. আর. আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উদযাপন করল পূর্ব রেল
কলকাতা, ১৫ এপ্রিল, ২০২৬:
পূর্ব রেল কলকাতার ফেয়ারলি প্লেসে অবস্থিত সদর দপ্তরে ভারতরত্ন ড. বি. আর. আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উদযাপন করে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্কর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন এবং ড. আম্বেদকরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পূর্ব রেলের অতিরিক্ত জেনারেল ম্যানেজার শ্রী শীলেন্দ্র প্রতাপ সিং, প্রধান মুখ্য পার্সোনাল অফিসার ড. মহুয়া ভার্মা এবং পূর্ব রেলের বিভিন্ন বিভাগের প্রধানরা সম্মিলিতভাবে ড. আম্বেদকরের স্মৃতি ও উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানান।
এই উপলক্ষে শ্রী দেওস্কর ভারতীয় সংবিধান প্রণয়নে বাবাসাহেবের অসামান্য ভূমিকার কথা উল্লেখ করেন। তিনি শিক্ষার প্রসার এবং বিশেষ করে সমাজের প্রান্তিক মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নে ড. আম্বেদকরের অটল প্রতিশ্রুতির উপর গুরুত্ব আরোপ করেন। তিনি ড. আম্বেদকরকে ভারতীয় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করেন এবং সামাজিক সমতা প্রতিষ্ঠা ও অস্পৃশ্যতা দূরীকরণে তাঁর বিশাল অবদানের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে একটি সাংস্কৃতিক কর্মসূচিরও আয়োজন করা হয়, যেখানে সমাজে বাবাসাহেব আম্বেদকরের অবদান তুলে ধরা হয়।
পূর্ব রেলের সমস্ত বিভাগ—হাওড়া, শিয়ালদহ, আসানসোল ও মালদা—এবং কাঞ্চরাপাড়া, লিলুয়া ও জামালপুরের মতো কর্মশালাগুলিতেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে ড. বি. আর. আম্বেদকরের ১৩৫তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।













