জনগণনা ২০২৭-এ প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির দাবি ‘উড়ান নেটওয়ার্ক’-এর
রাজীব মুখার্জি | IBG NEWS
কলকাতা, ১৮ নভেম্বর, ২০২৬: জনগণনা ২০২৭-এ শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুমাত্রিক প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের সঠিকভাবে অন্তর্ভুক্তি ও প্রতিনিধিত্বের দাবিতে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করল সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়া ও KSEDA। অনুষ্ঠানে নেতৃত্ব দেন সেন্স ইন্ডিয়ার জাতীয় ‘উড়ান নেটওয়ার্ক’-এর সদস্যরা।
দেশের ২৫টি রাজ্যের প্রায় ২৮০ জন সদস্যের এই নেটওয়ার্কের প্রতিনিধিরা নিজেদের অভিজ্ঞতা, শিক্ষা, সৃজনশীলতা ও স্বনির্ভরতার কথা তুলে ধরেন। বিশেষভাবে গুরুত্ব পায় প্রতিবন্ধকতাযুক্ত মেয়েদের ও মহিলাদের নেতৃত্ব এবং অধিকার প্রতিষ্ঠার বিষয়টি।
উড়ান সদস্য সুমন বৈদ্য বলেন, জনগণনায় এই জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি জরুরি। তাঁদের সঠিকভাবে গণনা না করা হলে প্রয়োজন, অধিকার ও সুযোগগুলি নীতিনির্ধারণে উপেক্ষিত থেকে যেতে পারে।
সেন্স ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার সিইও ড. উত্তম কুমার বলেন, প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের শুধু পরিষেবার সুবিধাভোগী নয়, নেতা ও সিদ্ধান্ত গ্রহণের সক্রিয় অংশীদার হিসেবে স্বীকৃতি দিতে হবে।
এদিন ‘ইনসাইট’ নামে একটি তথ্য ও জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্মেরও পরিচয় করানো হয়, যা শ্রবণ ও দৃষ্টিপ্রতিবন্ধকতা এবং বহুমাত্রিক প্রতিবন্ধকতাযুক্ত ব্যক্তিদের ব্যবহারের উপযোগী করে তৈরি।
আয়োজকদের বক্তব্য, জনগণনা ২০২৭-এ যথাযথ অন্তর্ভুক্তি, সহজলভ্য তথ্য এবং সিদ্ধান্ত গ্রহণে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ পদক্ষেপ।















