বইমেলায় দেবাশিস পাঠকের গ্রন্থ পুরোটাই বিতর্কিত উন্মোচন করলেন কবি সুবোধ সরকার
উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে দেবাশিস পাঠক-এর ‘পুরোটাই বিতর্কিত’ ২১টি বিতর্কিত বিষয় নিয়ে লেখা প্রবন্ধের সংকলন। ২৬ জানুয়ারি বইমেলায় প্রেস কর্নারে দেবাশিস পাঠকের গ্রন্থ ‘পুরোটাই বিতর্কিত’ মোড়ক উন্মোচন করলেন কবি সুবোধ সরকার। উপস্থিত ছিলেন ড. মইনুল হাসান, আহমদ হাসান, মুরারী শংকর বিশ্বাস, মহিউদ্দিন সরকার, সেমঋতা মল্লিক, প্রকাশক ও সম্পাদক ফারুক আহমেদ, রবীন্দ্রনাথ রায়, এমদাদুল হক নূর প্রমুখ।
বিষয় সূচিতে রাবণ থেকে রাধা, সরস্বতী থেকে জগন্নাথ, চৈতন্য থেকে নিত্যানন্দ, নেতাজি থেকে নোবেলজয়ী নাদিয়া মুরাদ, দিব্যত্রয়ী শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা, স্বামী বিবেকানন্দ, বঙ্গে জমিদারদের দুর্গাপুজো কীভাবে বিপ্লবীদের মাতৃ আরাধনায় জুড়ে গেল, কোন সূত্রে মহালয়া দুর্গোৎসবের অঙ্গ হল, আত্মহননকারী দেশ বিদেশের প্রতিভাবান লেখক- শিল্পীগণ, সবাই, সব কিছুই আছে/আছেন ইতিহাস নির্দিষ্ট মহিমায়, তথ্য ও নথির সীমারেখা লঙ্ঘন না করেই। রামচন্দ্র কি শুধু সীতাকে অপহরণের জন্যই রাবণকে বধ করেন, নাকি এর পেছনে ছিল অন্য কোনোও কারণ? প্রাচীন শাস্ত্র-পুরাণে অনুল্লেখিত হলেও রাধিকা এলেন কোথা থেকে ভক্তি আন্দোলনের বলয়ে? শ্রীচৈতন্যের জীবনাবসান হল কীভাবে? তিনি পুরীতে গিয়েছিলেন কেন? সুভাষচন্দ্রের সঙ্গে এমিলির দাম্পত্য সম্পর্ক কেমন ছিল? আর্নেস্ট হেমিংওয়ের মতো সফল সাহিত্যিক কেন নিজেকে খতম করে দিলেন? নাদিয়া মুরাদ কাদের হাতে ধর্ষিতা হয়েছিলেন? এরকম বহু বিতর্কিত প্রশ্নের ইতিহাসনিষ্ঠ উত্তর পাওয়া যাবে এই বইতে।
মূল্যবান গ্রন্থটির প্রকাশক ফারুক আহমেদ। উদার আকাশ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে। মূল্য ৩৫০.০০ টাকা। সংগ্রহের রাখার মতো গ্রন্থ।














