
জিএসআই, পূর্বাঞ্চলে জাতীয় ক্রীড়া দিবস ২০২৫ পালন
By PIB Kolkata
কলকাতা, ২৯ আগস্ট, ২০২৫
জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (জিএসআই)- এর পূর্বাঞ্চলীয় দপ্তরে আজ জাতীয় ক্রীড়া দিবস উৎসাহ ও আনন্দের সঙ্গে পালন করা হল। হকি জাদুকর মেজর ধ্যান চাঁদের জন্মদিন উপলক্ষে এই দিনটি পালিত হয়। তাঁকে আজও ক্রীড়ায় শ্রেষ্ঠত্বের প্রতীক হিসাবে স্মরণ করা হয়।
আজ জিএসআই দপ্তর খেলাধুলার এক রঙিন মঞ্চে পরিণত হয়। সমস্ত বিভাগ থেকে কর্মীরা একত্রিত হয়ে নানা ক্রীড়ায় অংশ নেন। শরীরচর্চা, মানসিক স্বাস্থ্যের উন্নতি এবং সহকর্মীদের মধ্যে বন্ধুত্ব বাড়ানো ছিল এই কর্মসূচীর উদ্দেশ্য। জিএসআই বিশ্বাস করে খেলাধুলা সততা ও দায়িত্ববোধ বাড়ায় এবং সমাজ ও দেশের প্রতি কর্তব্যবোধ গভীরতর করে।
সংস্থার অতিরিক্ত মহানির্দেশিকা ও প্রধান শ্রীমতি বর্ষা অশোক আগলাওয়ে, জিএসআই পূর্বাঞ্চল অনুষ্ঠানটির উদ্বোধন করেন। তিনি বলেন, খেলাধুলা জাতি গঠনের জন্য অপরিহার্য, মানুষের মধ্যে ঐক্য ও দেশপ্রেম জাগায়। স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার দুই ক্রীড়াবিদ, শ্রী কে. সুরেশ বাবু ও শ্রী শ্রীমন্ত কৃষ্ণ মহান্তি বিশেষ অতিথি হিসেবে যোগ দেন। তাঁরা শৃঙ্খলা, দৃঢ়তা, সহযোগিতা ও সুস্বাস্থ্যের গুরুত্ব নিয়ে কর্মীদের অনুপ্রাণিত করেন।
আজ সারাদিন কর্মীরা বয়স বা পদমর্যাদা ভুলে খেলাধুলায় মশগুল থাকেন। দপ্তরের নিয়মিত কাজের বাইরে সবাই আনন্দে মেতে ওঠেন। জেতা-হারা নয়, মূল উদ্দেশ্য অংশগ্রহণ করা আর সৌহার্দ্য বাড়ানো। শেষে বিজয়ীদের সম্মানিত করা হলেও, সবচেয়ে বড় সাফল্য- আনন্দ ও বন্ধুত্বের পরিবেশ।














