সাংস্কৃতিক অনুষ্ঠানে উদার আকাশ উদ্বোধন করলেন ব্রাত্য বসু
সংবাদদাতা: ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে মুর্শিদাবাদ জেলার সুতির মানিকপুর ন্যাথুলাল দাস পিটিটিআই ও বিএড কলেজ মাঠে অনুষ্ঠিত হয় তিন দিন ব্যাপী এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। ওই মঞ্চে ফারুক আহমেদ সম্পাদিত রিসার্চ জার্নাল ‘উদার আকাশ’ পত্রিকার আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষে ২৫ বছর ১ম সংখ্যা উদ্বোধন করলেন বিশিষ্ট নাট্যকার, লেখক ও উচ্চ শিক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী ব্রাত্য বসু। ‘উদার আকাশ’ বইমেলা সংখ্যাটিতে বহু গুরুত্বপূর্ণ লেখা প্রকাশিত হয়েছে। সৃজনশীল কাজের জন্য ইতিমধ্যে ‘উদার আকাশ’ পাঠক দরবারে সমাদৃত হয়েছে। কেবলমাত্র ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রীতির এক মিলনমেলার আয়োজন করে শিবম এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট। তিনদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এদিন উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক জাকির হোসেন, খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, সমাজকর্মী শিলাদিত্য গাঙ্গুলী, প্রাক্তন জেলা ম্যাজিস্ট্রেট এনাউর রহমান, ‘উদার আকাশ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ, জঙ্গিপুর কলেজর গভর্নিং বডির সদস্য দীপককুমার দাস ও মোঃ ইউসুফ আলী প্রমুখ।
বাণী বন্দনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়ে রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী তথা বিশিষ্ট নাট্যকার ব্রাত্য বসু মূল্যবান বক্তব্য রাখেন। তিন দিনের এই কর্মসূচিতে অংশ নেন বাংলা চলচ্চিত্র জগতের একাধিক খ্যাতনামা অভিনেতা-অভিনেত্রী ও গায়ক-গায়িকারা। পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষা জগতের বিশিষ্ট ব্যক্তিবর্গ।
জাকির হোসেন বলেন, মন্দির মসজিদ বা ধর্ম নিয়ে রাজনীতি করা ঠিক নয়। আমরা ভারতবাসী! আমরা বাঙালি সকলে মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে থাকতে হবে। কোনও বিভেদ যাতে আমাদের মধ্যে না থাকে তার জন্য আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি।
আয়োজকদের মতে, এই অনুষ্ঠান শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়, বরং শিক্ষা, সংস্কৃতি ও সম্প্রীতির এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছে।
















