ভালোবাসার ঘরে বাস করি
হাসানাত লোকমান,ভারপ্রাপ্ত মহাপরিচালক, বাংলা একাডেমি,বাংলাদেশ
ভালোবাসার মায়াবী ঘূর্ণিতে চূর্ণ হয়েছে তাবৎ কষ্টের দিন,
সমূহ সর্বনাশের আগেই তুমি এলে বলে
দুলে উঠলো পৃথিবী আমার
পুষ্প সৌরভে শোভিত হলো আমার আঙ্গিনা, বিশ্বসংসার!
আমার আনন্দ আজ উপচানো দুধের মতো…
এই দেখো, অন্তর অঞ্জলি নিয়ে তোমার ভালোবাসার সমুদ্রতীরে
দাঁড়িয়েিছ ভিক্ষুক হয়ে,
মরুর মাটির মতো পিপাসায় মরেছি
কতোদিন ধরে
পিপাসা মেটাও…
বুকের দুর্ভিক্ষ মুছে দাও রেশমী
রুমালে।
এইতো আমি-
আমার আমিত্ব ভুলে
সবকিছু নিয়ে তোমার কাছে…..তুমি নাও,
যেভাবে যেমন চাও সব নাও,
এসো ভালোবাসার জলে সাঁতার কাটি,শুদ্ধ হই
মুছে ফেলি সব অপ্রয়োজন, এসো বাকিটা জীবন
কেবল ভালোবাসার ঘরে বাস করি।


















