♦ ভালো থাকুক ♦
ভালো থাকুক সঙ্গ নিরোধ একলা থাকার দিন
ভালো থাকুক শীতল সময় তপ্ত তুমিহীন।
ভালো থাকুক জলের তুফান মন পবনের নাও,
ভালো থাকুক পরাণ মাঝি আলফাডাঙ্গা গাঁও।
ভালো থাকুক চাঁদের আঁচল মেঘের কালো চুল,
ভালো থাকুক নিমের পাতা রক্তজবা ফুল।
ভালো থাকুক শস্যদানা সোনাধানের মাঠ,
ভালো থাকুক বটের ছায়া সবজি সবুজ হাট।
ভালো থাকুক বৃষ্টিরূপা প্রজাপতি নীল,
ভালো থাকুক মেঘের মেলা আকাশ অনাবিল।
ভালো থাকুক সকল মানুষ পাহাড় নদী বন,
ভালো থাকুক ইচ্ছে গোলাপ মুক্ত মাটি মন।
ভালো থাকুক বিশ্ব ভূবন সুস্হ পরিবেশ,
ভালো থাকুক প্রিয় স্বদেশ আমার বাংলাদেশ।
আমরা কবি হাসানাত লোকমান,যুগ্ম সচিব ও সচিব,বাংলা একাডেমি,ঢাকা,বাংলাদেশ , ওনার কাছে আন্তরিক কৃতজ্ঞ এই কবিতা আমাদের প্রকাশের অনুমতি দেবার জন্য


















