দ্বন্দ্ব
পলাশ বন্দ্যোপাধ্যায়, কলকাতা
মাথা থেকে ছাতা সরিয়ে না নিলে
নিজের ছাতা হয়ে
নিজের মাথা বাঁচানো শেখে না কেউ।
তবু ওঁরা ছাতা না হয়ে থাকতে পারেন না।
চিরকাল বটগাছ হয়ে বটগাছের
ছোট গাছের নিচে দাঁড়ানো না ছাড়লে
ছোট গাছ বুঝতে শেখে না,
তাপ জ্বালা সয়ে,
তারপর বড় হওয়ার ছারপত্র মেলে।
তবুও ওঁরা চিরকাল
হয়ে থাকতে চান বটগাছ।
বাবা মায়েরা এ বিপন্নতা থেকে মুক্তি পেতে চাইলে ঈশ্বর বলেন,
‘এজন্যই তো তোরা মানুষ রে! ঈশ্বর নয়।’
তাঁরা ঈশ্বরকে গর্বিত স্পর্ধায় উত্তর দেন,
‘আমরাও তোমার মতো উদাসীন থাকতে চাইনা ঈশ্বর। মানুষ থাকতে চাই।’
আর রোদ জলে অভ্যস্ত না হওয়া অথচ বড় হয়ে যাওয়া সন্তান
বাবা মায়ের নাগালে না থাকা বিপদে
হঠাৎ ছাতাহীন বটগাছহীন হয়ে ভাবে,
‘হায়! তোমরা যদি মানুষ না হয়ে
উদাসীন ঈশ্বর হতে!’
পলাশ_বন্দ্যোপাধ্যায়
০৭.১০.২০২১

















