আগামীকাল প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী স্বদেশী ৪জি মোবাইল নেটওয়ার্ক উদ্বোধন করবেন
By PIB Kolkata
কলকাতা, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
ভারতের ডিজিটাল যাত্রাপথের এক ঐতিহাসিক মুহূর্তে, প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল সম্পূর্ণভাবে দেশীয় প্রযুক্তির সাহায্যে নির্মিত স্বদেশী ৪জি মোবাইল নেটওয়ার্কের জাতীয় পর্যায়ে সম্প্রসারণ উদ্বোধন করবেন। আত্মনির্ভর ভারত উদ্যোগের এ এক গুরুত্বপূর্ণ কৃতিত্ব। মাত্র পাঁচটি দেশ নিজেদের প্রযুক্তিতে সফলভাবে ৪জি টেলিকম স্ট্যাক তৈরি ও কার্যকর করতে পেরেছে।
পশ্চিমবঙ্গ টেলিকম সার্কেলের চিফ জেনারেল ম্যানেজার শ্রী হাওয়া সিং জাখর এবং কলকাতা টেলিফোনস-এর চিফ জেনারেল ম্যানেজার শ্রীমতী গাজালা ফয়সাল -এর উপস্থিতিতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করা হয়। দুই আধিকারিক ই এই কর্মসূচির গুরুত্বকে ভারতের প্রযুক্তিগত স্বতন্ত্রের নজির হিসেবে বর্ণনা করেন এবং এর বিস্তার ও প্রভাবের মাত্রার কথা বলেন।
দেশীয় ৪জি স্ট্যাক (যা সফটওয়্যারের মাধ্যমে ৫জি তে উন্নীত করা যাবে) বহু সংস্থা সমন্বিত একটি জাতীয় প্রচেষ্টার ফল। এর রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক তৈরি করেছে তেজাস নেটওয়ার্ক, কোর নেটওয়ার্ক ডিজাইন ও বাস্তবায়ন করেছে সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ টেলিম্যাটিকস আর সামগ্রিক সিস্টেম ইন্টিগ্রেশন সম্পন্ন করেছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। বিএসএনএল-এর মতে, এই পরিকাঠামোর কর্মক্ষমতা ও নিরাপত্তা পরীক্ষিত ও প্রমাণিত। ফলে, ভবিষ্যতের জন্য প্রস্তুত থাকার পাশাপাশি বহিরাগত সরবরাহ থেকে কৌশলগত স্বাধীনতাও এটি নিশ্চিত করছে।
প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশে উৎসর্গ করবেন মোট ৯৭,৫০০টি ৪জি মোবাইল টাওয়ার। মত খরচ হয়েছে ₹৩৭,০০০ কোটি টাকা। এর মধ্যে বিএসএনএল তৈরি করেছে ৯২,৬০০টি সাইট, এবং আরও ১৮,৯০০টি সাইটের অর্থায়ন করেছে ডিজিটাল ভারত নিধি। এই দ্বিতীয় অংশ বিশেষভাবে পরিকল্পিত হয়েছে সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের ২৬,৭০০ গ্রামকে সংযুক্ত করার জন্য। এর মাধ্যমে প্রায় ২০ লক্ষ মানুষ প্রথমবারের মতো মোবাইল সংযোগ পাবেন। কর্মকর্তারা জোর দিয়ে বলেন, এই সম্প্রসারণ শুধু গ্রাম ও শহরাঞ্চলের ডিজিটাল বিভাজন কমাবে না, পাশাপাশি, কৌশলগতভাবে জরুরি এলাকায়ও যোগাযোগ পরিকাঠামোকে মজবুত করবে।
স্বদেশী ৪জি সম্প্রসারণকে দেশের অন্যতম বৃহত্তম দেশীয় টেলিকম প্রকল্প হিসেবে দেখা হচ্ছে। এটি বিদেশি বিক্রেতার ওপর নির্ভরতা হ্রাসের পাশাপাশি দেশীয় উদ্ভাবক ও নির্মাতাদের এক সমৃদ্ধ মেলবন্ধন গড়ে তুলছে। জাতীয় নীতি ও সরকারি-বেসরকারি সহযোগিতার সমন্বয়ে এই উদ্যোগ আত্মনির্ভরতা ও সম্মিলিত সাফল্যের চেতনাকে বাস্তব রূপ দিচ্ছে।
বিএসএনএল প্রতিনিধিরা উল্লেখ করেন, সফটওয়্যার-ভিত্তিক নেটওয়ার্কের কারণে ভবিষ্যতে দেশীয় কোর কম্পোনেন্ট পরিবর্তন না করেই নিরবিচ্ছিন্নভাবে ৫জি তে উন্নীত করা যাবে। এর ফলে আজকের বিনিয়োগ আগামী দিনের দ্রুত পরিবর্তনশীল টেলিযোগাযোগ জগতে সমানভাবে কার্যকর ও প্রতিযোগিতামূলক থাকবে।

















