
আকাশবাণীর ‘শিশুশ্রী’ সম্মান।
শিশুর অধিকার রক্ষা নিয়ে আকাশবাণী এফএম বাংলা বিভাগ অর্থাৎ এফএম রেনবো এবং এফএম গোল্ড নির্মিত অডিও ডকুমেন্টারি ‘ঝরা শৈশব’ সম্মানিত হল পশ্চিমবঙ্গ সরকারের ‘শিশুশ্রী’ মিডিয়া অ্যাওয়ার্ডে। গত ২০শে নভেম্বর আন্তর্জাতিক শিশু অধিকার দিবসের দিনে মালদা জেলার দুর্গা কিংকর সদনে আয়োজিত এক অনুষ্ঠানে আকাশবাণী এফএম বাংলা বিভাগের হয়ে পুরস্কার গ্রহণ করলেন অনুষ্ঠান আধিকারিক শুভায়ন বালা।
শিশুর মৌলিক অধিকার হলো সুস্থ ও সবল জীবন। সমাজই এর রক্ষাকর্তা। তবে বদলে যাওয়া সমাজে একটি শিশুকে নানা কারণে হেনস্তার শিকার হতে হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের ‘শিশু অধিকার ও সুরক্ষা আয়োগ’ দপ্তর শিশুর অধিকার রক্ষার বিষয়টি নিয়ে গণমাধ্যমকে প্রতিবেদন তুলে ধরার আহ্বান জানিয়েছিল। রেডিওতে সেরা প্রতিবেদন হিসেবে সেই সম্মানপ্রাপ্তি হল আকাশবাণী এফএম বাংলা বিভাগের।তাদের ‘ ঝরা শৈশব’ শীর্ষক অডিও ডকুমেন্টারি মূলত শিশুর ওপর হওয়া শারীরিক ও মানসিক নির্যাতনের বাস্তব চিত্রকেই তুলে ধরেছে। সমাজের সর্বস্তরেই নির্যাতনের শিকার হতে হয় শিশুদের। অনেক ক্ষেত্রেই যা সংবাদের শিরোনামে উঠে আসে না। এমনকি পরিবারের অন্যান্যরাও বিষয়গুলি সামনে আনতে চান না। প্রতিটি সুক্ষ সুক্ষ বিষয় এবং এর থেকে মুক্তির উপায় খুঁজে এনেছে ‘ঝরা শৈশব’।


আকাশবাণী কলকাতার ডেপুটি ডিরেক্টর জেনারেল (ইঞ্জিনিয়ারিং) এবং হেড অফ অফিস শ্রীমতি শুচিস্মিতা রায় জানালেন, “এই সম্মান আবারও একবার প্রমাণ করে যে আকাশবাণী চিরকাল অর্থপূর্ণ কাজ করার প্রচেষ্টাই করে। রেডিওর গুরুত্ব আরো একবার তুলে ধরেছে এই ডকুমেন্টারি’।
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্রোগ্রাম) এবং হেড অফ প্রোগ্রাম, শ্রীমতি মিতালী দত্ত বলছিলেন, “সাহস ও সহানুভূতির প্রতিফলন পাওয়া যায় এই কাজে। একটি প্রতিবেদন যে বদল আনতে পারে তার অন্যতম নিদর্শন ‘ঝরা শৈশব’ ।
সবশেষে অনুষ্ঠান আধিকারিক শ্রী শুভায়ন বালা সম্মানিত হওয়ার পর তার আনন্দ ভাগ করে নিলেন, “আকাশবাণী কলকাতার কাছে এবং পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি কৃতজ্ঞ। এই ধরনের গুরুত্বপূর্ণ সাহসী কাজে পাশে থাকার জন্য আমি ধন্যবাদ জানাই।”
এই সম্মান আকাশবাণী কলকাতার সেই প্রতিশ্রুতিকেই আরও দৃঢ় করে, যা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার জন্য তথ্যসমৃদ্ধ, অনুপ্রেরণামূলক এবং শিশু অধিকার সংক্রান্ত বিষয়গুলিতে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে কাজ করে এমন সামগ্রী নির্মাণে নিবেদিত।












