বাঁচবো র উদ্যোগে স্থায়ী সাংস্কৃতিক মঞ্চ ও ডিজিট্যাল ক্লাস সুন্দরবনে
বিগত দুই দশক ধরে সুন্দরবনে পাথরপ্রতিমা ব্লকে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, কারিগরি প্রশিক্ষণ ও মহিলা স্বনির্ভরতা নিয়ে কাজ করে আসছে রাজ্যের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা ‘বাঁচবো’। গত ২০১৭ সাল থেকে পঞ্চম বাজার এলাকায় এই সংস্থার উদ্যোগে চলছে বিকশিত প্রাথমিক স্কুল। ত্রিতল সুন্দর স্কুল ভবনটিতে আধুনিক শিক্ষাদানের সাথে সাথে সম্প্রতি চালু করা হয়েছে ডিজিট্যাল ক্লাস রুম। এই সুযোগ পেয়ে অত্যাধুনিক শিক্ষা লাভ করবে এই স্কুলের প্রায় ৭৫ জন ছাত্রছাত্রী। তারই সাথে স্কুলের সন্নিহিত বিশাল প্রাঙ্গণে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিবেক শিশু উদ্যান। এরই পাশাপাশি গত ১৬ই আগষ্ট উদ্বোধন হলো বিশিষ্ট চিকিৎসক ডাঃ অপূর্ব কৃষ্ণ রায়চৌধুরী নামাঙ্কিত স্মৃতি সাংস্কৃতিক মঞ্চ। আধুনিক এই মঞ্চের মাধ্যমে স্কুল এবং তৎ সংলগ্ন অঞ্চলের শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের সুযোগ পাবে, যা তাদের মধ্যে সাংস্কৃতিক চেতনা বোধ জাগরণে এবং তাদের প্রতিভা বিকাশে প্রভূত ভূমিকা পালন করবে। গত ১৬ই আগষ্ট জন্মাষ্টমীর শুভ দিনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সেকেণ্ড বিবেকানন্দ ব্রীজ টোলওয়ে কোম্পানির আর্থিক সহযোগিতায় গড়ে ওঠা ডিজিট্যাল ক্লাস ও স্থায়ী সাংস্কৃতিক মঞ্চের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাথরপ্রতিমা র মাননীয় বিধায়ক তথা সুন্দরবন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শ্রী সমীর কুমার জানা এবং উক্ত কোম্পানির কর্ণধার শ্রী অঞ্জন রায় চৌধুরী। উপস্থিত ছিলেন কলকাতা ও অঞ্চলের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।









স্বাধীনতার ৭৮ তম বর্ষপূর্তি উপলক্ষে নাচ, গান, আবৃত্তি ও মূকাভিনয় সমন্বিত স্কুলের ছাত্রছাত্রীদের বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা সকলের প্রশংসা ও মন জয় করে নিয়েছে। এই অনুষ্ঠানে অভিভাবক ও অভিভাবিকা সহ এলাকা বাসীদের বিপুল উপস্থিতি ছিল সত্যিকারের চোখে পড়ার মতন। অনুষ্ঠান শেষে সমস্ত ছাত্রছাত্রীদের উপহার তুলে দেওয়া হয় আর সাথে ছিল সুস্বাদু দ্বিপ্রাহরিক আহারের আয়োজন।
কুহু চৌধুরী
সাম্মানিক প্রধান শিক্ষিকা
বাঁচবো বিকশিত স্কুল












