নবদ্বীপে জেরিয়াট্রিক যোগা প্রতিযোগিতা::
প্রসাদ যোগা এন্ড ফিটনেস সেন্টার, নবদ্বীপ – এর উদ্যোগে গত ২১ শে ডিসেম্বর -২০২৫, নদিয়ার ঐতিহ্যশালী নবদ্বীপে হয়ে গেলো জেরিয়াট্রিক অর্থাৎ প্রবীণদের সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা। রাজ্যে প্রবীণদের নিয়ে এই ধরনের যোগাসন প্রতিযোগিতা সম্ভবতঃ প্রথম বার। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উৎসাহী প্রায় তিনশো জেরিয়াট্রিক প্রতিযোগী/প্রতিযোগিনীর ও মহিলা প্রতিযোগিনীর ঢল নেমেছিল এই প্রতিযোগিতায়। এ যেন প্রতিযোগিতা নয় বরং প্রবীণদের জন্য এক উৎসব উদযাপন হলো। যোগ জগৎ সহ সমাজের বিভিন্ন স্তরের গুণীজন এই উৎসবে সামিল হয়েছিলেন।


এই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ যোগা ও ন্যাচারোপ্যাথি কাউন্সিলের সদস্য ও বিশিষ্ট যোগা বিশেষজ্ঞ ডাঃ উজ্জ্বল ঘোষকে তাঁর অবদানের স্বীকৃতিতে “যোগ আচার্য্য” এবং বিশিষ্ট বার্ধক্য বিশেষজ্ঞ চিকিৎসক ও সমাজকর্মী ডাঃ ধীরেশ কুমার চৌধুরী কে জেরিয়াট্রিক যোগা র গুরুত্বকে জনমানসে প্রসারনের স্বীকৃতিতে “যোগ জ্যোতি” সম্মানে ভূষিত করা হয়েছে। বার্ধক্যে নিজেকে শারীরিক ও মানসিক ভাবে সুস্থ থাকার অন্যতম চাবিকাঠি হলো নিয়মিত যোগাসনের এবং অতি অবশ্যই সেটা হতে হবে এই বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত প্রশিক্ষকের তত্ত্বাবধানে। সংস্থার কর্ণধার শ্রী প্রসাদ নন্দী একজন প্রশিক্ষণ প্রাপ্ত জেরিয়াট্রিক যোগা ইন্সট্রাক্টর।
রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির বোস হাউজ ক্যাম্পাস, বাঁচবো স্কুল অফ হিউম্যান স্কিল ডেভেলপমেন্ট এবং এশিয়ান যোগা রিসার্চ ইনস্টিটিউট এর একত্র উদ্যোগে জেরিয়াট্রিক যোগা প্রশিক্ষণ কোর্স এর প্রথম ব্যাচের প্রশিক্ষণ প্রাপ্ত। তার সহধর্মিণী শ্রীমতী শর্মিষ্ঠা নন্দীও একজন অভিজ্ঞ যোগা প্রশিক্ষক ও আন্তর্জাতিক বিচারক। শুধুমাত্র যোগাসন প্রদর্শনী নয় তার সাথে ছিল যোগ ও যোগাসন সম্পর্কে এক লিখিত পরীক্ষা। উদ্দেশ্য যোগা বিষয়ে কতটা তথ্য বা জ্ঞান আছে একই সাথে সেটাও ঝালিয়ে নেওয়া। বিশেষ করে আমাদের সমাজের প্রবীণ সদস্য/সদস্যাদের মানসিক ও শারীরিক সুস্থতার জন্য এই ধরনের উদ্যোগ সত্যিই আজ বড়ই প্রয়োজন।
তাই প্রবীণ দের সুস্থ থাকার জন্য ঔষধ নির্ভরতা কাটিয়ে যোগা প্রয়োগের মাধ্যমে প্রবীণদের চিকিৎসায় নতুন দিশার যে আলোক সূচনা হলো তা সত্যিই সাধুবাদ যোগ্য। আগামীদিনে প্রসাদ যোগা সেন্টার প্রবীণদের জন্য আরো এই ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করবে এই অঙ্গীকার রেখেই প্রায় সারা দিন ব্যাপী এই প্রতিযোগিতা সমাপ্ত হয়।

















