কলকাতা বইমেলায় ‘উদার আকাশ’ স্টলের উদ্বোধন করলেন লেখক ড. মইনুল হাসান
নিজস্ব প্রতিবেদক: ঢাকে কাঠি পড়ে গেল ৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায়। সেই সঙ্গে ‘উদার আকাশ’ প্রকাশনের ৬৬৪ নম্বর স্টলের উদ্বোধন করলেন বিশিষ্ট লেখক ও সাবেক সাংসদ ড. মইনুল হাসান। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘অন্য গাঁয়ের আখ্যান’-খ্যাত কথাসাহিত্যিক ডাঃ মোঃ আবেদ আলি, অধ্যক্ষ নুরুল হক, ‘উদার আকাশ’ প্রকাশনের প্রকাশক ও সম্পাদক ফারুক আহমেদ।
আন্তর্জাতিক কলকাতা বইমেলার ৯ নম্বর গেটের একদম কাছেই ‘উদার আকাশ’-এর স্টল। উদার আকাশ প্রকাশনের সব গ্রন্থের সঙ্গে থাকছে গবেষণামূলক কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থ ও পত্রিকার বিশেষ সংখ্যা। এ পর্যন্ত উদার আকাশ থেকে প্রকাশিত সমস্ত কাব্যগ্রন্থ, প্রবন্ধ সংকলন, উপন্যাস, গল্প সংকলন, গবেষণা গ্রন্থ পাওয়া যাচ্ছে। আর থাকছে ‘উদার আকাশ’ প্রকাশন থেকে প্রকাশিত বিশিষ্ট লেখকদের বেস্ট সেলার বইগুলো।
৪৯তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় ‘উদার আকাশ’ স্টল ৬৬৪ উদ্বোধন হয় মেলা শুরুর দিন ২২ জানুয়ারি ২০২৬। ‘উদার আকাশ’ পত্রিকা ও ‘উদার আকাশ’ প্রকাশন সংস্থার সম্পাদক ও প্রকাশক ফারুক আহমেদ বলেন, সুস্থ সাহিত্য ও সাংস্কৃতিক বিকাশে পাঠক দরবারে সমাদৃত হয়েছে আমাদের প্রয়াস। এবছর ‘উদার আকাশ’ প্রকাশন থেকে ২১টি নতুন গ্রন্থ প্রকাশ হচ্ছে এই বইমেলায়।




















