কৃষ্ণনগর – আমঘাটা রুটে সংযোগ ব্যবস্থা উন্নত করতে শিয়ালদহ ডিভিশনের দুই নতুন জোড়া ট্রেন সংযোজন
কলকাতা, ১২ মে ২০২৬ :
স্থানীয় বাসিন্দাদের দৈনন্দিন যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক করে তুলতে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন নবনির্মিত কৃষ্ণনগর – আমঘাটা সিঙ্গেল লাইনে ট্রেন পরিষেবার সংখ্যা বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৩ মে ২০২৬ থেকে এই রুটে অতিরিক্ত দুই (০২) জোড়া ট্রেন চালু করা হবে।
কৃষ্ণনগর – আমঘাটা রেলপথটি কয়েক মাস আগে এই অঞ্চলের মানুষের সুবিধার্থে চালু করা হয়েছিল। চালু হওয়ার পর থেকে এই রুটে তিন জোড়া ট্রেন চলাচল করছিল। তবে যাত্রীদের ক্রমবর্ধমান চাহিদা এবং বিশেষ করে মায়াপুরমুখী যাত্রীদের আরও উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে শিয়ালদহ ডিভিশন এই অতিরিক্ত ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নিয়েছে।
নতুন ট্রেনগুলির সময়সূচি নিম্নরূপ :
- সকালের পরিষেবা : ট্রেন নং ৩১৮৮৭ কৃষ্ণনগর থেকে ভোর ০৫:২০ মিনিটে ছাড়বে এবং প্রত্যাবর্তী ট্রেন নং ৩১৮৮৮ আমঘাটা থেকে ভোর ০৫:৪৩ মিনিটে ছাড়বে।
- রাত্রিকালীন পরিষেবা : ট্রেন নং ৩১৮৮৯ কৃষ্ণনগর থেকে রাত ১০:১৫ মিনিটে ছাড়বে এবং প্রত্যাবর্তী ট্রেন নং ৩১৮৯০ আমঘাটা থেকে রাত ১০:৪০ মিনিটে ছাড়বে।
এই নতুন সংযোজনের ফলে এখন এই শাখায় মোট পাঁচ জোড়া ট্রেন চলাচল করবে। এই উদ্যোগের মাধ্যমে নিয়মিত যাত্রী থেকে শুরু করে প্রথমবারের ভ্রমণকারী— সকলেই আরও আরামদায়ক, নির্ভরযোগ্য এবং উন্নত সংযোগযুক্ত যাত্রার অভিজ্ঞতা লাভ করবেন।



















