রোজগার মেলার ১৯তম কিস্তির অধীনে মাননীয় প্রধানমন্ত্রী ৫১,০০০-এরও বেশি নবনিযুক্ত যুবকদের হাতে নিয়োগপত্র তুলে দেবেন
কলকাতা, ২২ মে, ২০২৬:
মিশন মোডে আরও বেশি করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভারত সরকারের নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার অংশ হিসেবে, মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (২৩.০৫.২০২৬) সকাল ১১:০০ টায় ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে ১৯তম ‘রোজগার মেলা’র সূচনা করবেন। এই মহৎ দেশব্যাপী নিয়োগ অভিযানটি দেশের ৪৭টি স্থানে যুবসমাজকে জাতি গঠনের কাজের সাথে যুক্ত করবে, যেখানে বিভিন্ন সরকারি চাকরির জন্য নির্বাচিত ৫১,০০০-এরও বেশি প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হবে। এই ঐতিহাসিক উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী নবনিযুক্ত প্রার্থীদের উদ্দেশ্যে একটি লাইভ ভাষণও দেবেন।
কলকাতা কেন্দ্রের রোজগার মেলাটি পূর্ব রেলওয়ের উদ্যোগে শিয়ালদহের ডঃ বি.সি. রায় অডিটোরিয়ামে আয়োজন করা হচ্ছে। এই জমকালো অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর-পূর্ব অঞ্চল উন্নয়ন প্রতিমন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার।
অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার শ্রী মিলিন্দ দেওস্কর, শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শ্রী রাজীব সাক্সেনা এবং ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের অন্যান্য বরিষ্ঠ আধিকারিকবৃন্দ। ভারত সরকারের অন্যান্য মন্ত্রক ও দপ্তরের সক্রিয় অংশগ্রহণে, রেল মন্ত্রকের দ্বারা এই বিশাল নিয়োগ অভিযানটি পরিচালনা করা হচ্ছে।
এই বৃহৎ নিয়োগ উদ্যোগটি দেশের যুবসমাজের আকাঙ্ক্ষাকে টেকসই ভবিষ্যৎ উন্নয়নের বাস্তব সুযোগে রূপান্তরিত করার ক্ষেত্রে ভারতীয় রেলের অবিচল প্রতিশ্রুতির একটি অন্যতম প্রমাণ।













