পুজোর আগে কলকাতায় তিন দিনের ট্যুরিজম ফেয়ার ২০২৬-এর সূচনা, পর্যটনপ্রেমীদের ব্যাপক উৎসাহ
By Suprakash Chakraborty
কলকাতা, ৩ জুলাই: দুর্গাপুজোর আগে ভ্রমণপিপাসু বাঙালিদের জন্য কলকাতায় শুরু হল তিন দিনের ‘ট্যুরিজম ফেয়ার ২০২৬’। শুক্রবার থেকে খুদিরাম অনুশীলন কেন্দ্রে শুরু হওয়া এই পর্যটন মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। উৎসবের মরশুমকে সামনে রেখে দেশ-বিদেশের পর্যটন সম্ভাবনা, নতুন গন্তব্য এবং ভ্রমণ পরিষেবাকে এক ছাদের তলায় তুলে ধরতেই এই আয়োজন।
মেলার আয়োজক ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, যারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে পর্যটন প্রদর্শনী ও ট্রাভেল এক্সিবিশনের আয়োজন করে আসছে। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যটনপ্রেমী, ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর এবং বিভিন্ন রাজ্যের পর্যটন দপ্তরকে একই মঞ্চে এনে ভ্রমণ সংক্রান্ত সর্বশেষ তথ্য ও পরিষেবা তুলে ধরাই এই মেলার মূল উদ্দেশ্য। পাশাপাশি পুজোর ছুটিতে ভ্রমণ পরিকল্পনা করতে আগ্রহীদের জন্যও এই মেলা বিশেষভাবে সহায়ক হবে বলে মনে করছেন আয়োজকরা।
এবারের ট্যুরিজম ফেয়ারে অংশগ্রহণ করেছে ভারত সরকারের পর্যটন মন্ত্রক, পশ্চিমবঙ্গ পর্যটন দপ্তর, উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড, অন্ধ্রপ্রদেশ ট্যুরিজম, চণ্ডীগড় ট্যুরিজম-সহ দেশের একাধিক রাজ্যের পর্যটন সংস্থা। এছাড়াও উপস্থিত রয়েছে বিভিন্ন স্বনামধন্য ট্রাভেল এজেন্সি, ট্যুর অপারেটর, হোটেল চেইন এবং পর্যটন শিল্পের প্রতিনিধিরা।
ব্লু আই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর সুব্রত ভৌমিক বলেন, “কলকাতা ট্যুরিজম ফেয়ার শুধুমাত্র একটি প্রদর্শনী নয়, এটি পর্যটন শিল্পের বিকাশ, ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধি এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। আমরা আশা করছি, এবারের মেলাও পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে এবং বিপুল সাড়া পাবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা অম্বরিশ ভট্টাচার্য, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অব বেঙ্গল-এর সাধারণ সম্পাদক উত্তম দাস, ইন্ডিয়া ট্যুরিজম-এর আঞ্চলিক অধিকর্তা প্রণব প্রকাশ এবং উত্তরাখণ্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট বোর্ড-এর উপ-পরিচালক পি. কে. গৌতম।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রণব প্রকাশ বলেন, পশ্চিমবঙ্গে পর্যটনের বিকাশে রাজ্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে এবং ইন্ডিয়া ট্যুরিজম-ও রাজ্যের পর্যটন সম্ভাবনাকে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে তুলে ধরতে ধারাবাহিকভাবে কাজ করে চলেছে।
দুর্গাপুজোর আগে ভ্রমণ পরিকল্পনা, নতুন পর্যটন গন্তব্যের সন্ধান, আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ এবং বিভিন্ন রাজ্যের পর্যটন সম্ভাবনা সম্পর্কে জানার জন্য এই তিন দিনের ট্যুরিজম ফেয়ার ২০২৬ ইতিমধ্যেই কলকাতার পর্যটনপ্রেমীদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। আয়োজকদের আশা, আগামী তিন দিনে বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম হবে এবং পর্যটন শিল্পের প্রসারে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



















