বাংলার দুই প্রান্তকে যুক্ত করল কবিতা: কলকাতায় সম্মানিত বাংলাদেশি কবি আবুল হাসনাৎ মিল্টন
অমিত গোস্বামী | আইবিজি নিউজ
Kolkata,15 July 2026:
কলকাতার বাংলা আকাদেমি সভাগৃহে অনুষ্ঠিত হল দীর্ঘ ৪৬ বছরের সাহিত্য-সাংস্কৃতিক পরম্পরার ধারক ‘উপলব্ধিকথা’ আয়োজিত বিশেষ কবিতা অনুষ্ঠান ‘ভালোবাসার স্পর্শে খুঁজি’। সাহিত্য, মানবতা ও সম্প্রীতির বার্তা বহনকারী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক কবি, সাহিত্যপ্রেমী ও সংস্কৃতিপ্রেমী দর্শক-শ্রোতা।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন কেশব রঞ্জন দে এবং সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাখী রায় ব্যানার্জী। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন বাংলাদেশের বিশিষ্ট কবি আবুল হাসনাৎ মিল্টন, যিনি বর্তমানে অস্ট্রেলিয়ায় বসবাস করছেন। তাঁর কলকাতায় আগমনের খবর পাওয়ার পর আয়োজকরা আন্তরিকভাবে তাঁকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।
পূর্ণ দর্শকাসনের সামনে আবুল হাসনাৎ মিল্টন অনুষ্ঠানের উদ্বোধন করেন এবং নিজের কবিতা আবৃত্তির মাধ্যমে উপস্থিত শ্রোতাদের আবেগাপ্লুত করে তোলেন। কবিতা পাঠের সময় তিনি নিজেও আবেগে আপ্লুত হয়ে পড়েন, যা অনুষ্ঠানের পরিবেশকে আরও গভীর ও হৃদয়স্পর্শী করে তোলে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাহিত্য ও কবিতার কোনও ভৌগোলিক সীমারেখা নেই। কবির পরিচয় তাঁর মানবিক চেতনা, মূল্যবোধ এবং নীতিতে। দেশ, ধর্ম বা জাতিগত পরিচয়ের ঊর্ধ্বে উঠে যাঁরা মানবতা, স্বাধীন চিন্তা ও সম্প্রীতির পক্ষে দাঁড়ান, তাঁদের প্রতি শ্রদ্ধা জানানোই প্রকৃত সাহিত্যচর্চার লক্ষ্য।
বক্তারা আরও উল্লেখ করেন, ভারত ও বাংলাদেশের মানুষের মধ্যে ভাষা, সংস্কৃতি ও ইতিহাসের যে গভীর আত্মিক সম্পর্ক রয়েছে, তা পারস্পরিক ভালোবাসা ও সম্মানের মাধ্যমে আরও সুদৃঢ় হওয়া উচিত। যারা ভারত-বিরোধী নন এবং মানবিক মূল্যবোধে বিশ্বাসী, তাঁদের প্রতি কলকাতার সাংস্কৃতিক অঙ্গন সর্বদাই উন্মুক্ত থাকবে বলেও মত প্রকাশ করা হয়।
অনুষ্ঠানের শেষে কবি, সাহিত্যিক ও উপস্থিত অতিথিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দুই বাংলার সাংস্কৃতিক বন্ধনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন। কবিতা, ভালোবাসা ও মানবিকতার এই মিলনমেলা উপস্থিত সকলের মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

















