মন্মথপুরে স্বাধীনতা দিবসে ছাত্রছাত্রী ও প্রবীণদের সম্মাননা, স্বীকৃতি পেল গ্রাম্য পুজো কমিটিগুলিও
নিজস্ব সংবাদদাতা, সুপ্রকাশ চক্রবর্তী | IBG NEWS
মন্মথপুর: স্বাধীনতা দিবস উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দিরের উদ্যোগে দিনভর নানা সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। ২০২৬ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনার পাশাপাশি বিভিন্ন গ্রাম্য পুজো কমিটিকে প্রদান করা হয় ‘প্রণবানন্দ হিন্দু সংস্কৃতি সেবা সম্মান’।
সনাতন হিন্দু সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে নির্বাচিত গ্রাম্য পুজো কমিটিগুলির হাতে শ্রীশ্রী চণ্ডী, গীতা এবং ঠাকুরের ছাতা তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের বক্তব্য, ধর্মীয় আচার-অনুষ্ঠান ও সাংস্কৃতিক পরম্পরাকে সংরক্ষণ এবং আগামী প্রজন্মের মধ্যে তা আরও সুদৃঢ় করাই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।
স্বাধীনতা দিবস উপলক্ষে মন্মথপুর প্রণব মন্দিরের পরিচালনায় মন্মথপুর প্রণবানন্দ বিদ্যামন্দির, মন্মথপুর হিন্দু মিলন মন্দির এবং স্বামী প্রণবানন্দ মাতৃ সুরক্ষা মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে মন্মথপুর প্রণব মন্দির প্রাঙ্গণে আয়োজক ও স্থানীয় বাসিন্দারা সমবেত হয়ে পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবসের আনুষ্ঠানিক উদযাপন করেন। এরপর দিনভর চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের সামাজিক কর্মসূচির অংশ হিসেবে রবীন্দ্র অঞ্চলের বিভিন্ন এলাকার ৮০ জন প্রবীণ নাগরিকের হাতে বস্ত্র ও গীতা তুলে দেওয়া হয়। স্বাধীনতার ৮০তম বর্ষকে স্মরণীয় করে তুলতে এবং প্রবীণদের পাশে থাকার বার্তা দিতেই এই উদ্যোগ বলে জানান আয়োজকেরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী স্বামী অন্নেষানন্দ, ব্রহ্মচারী খোকন মহারাজ, প্রধান, উপপ্রধান-সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা।
এদিন মন্দিরের পক্ষ থেকে সমাজ ও সংস্কৃতির ক্ষেত্রে অবদানের জন্য কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বকেও সম্মানিত করা হয়। তাঁদের মধ্যে ছিলেন ইন্ডিয়ান বুক অফ রেকর্ডসে নাম নথিভুক্ত শিল্পী পলাশ দাস, স্বামী প্রণবানন্দের জীবন ও আদর্শ নিয়ে গবেষণার সঙ্গে যুক্ত ড. হিরণ্ময় রায় এবং স্বামী প্রণবানন্দের ভাবধারায় অনুপ্রাণিত হয়ে সংগীত রচনা ও সুরারোপকারী বিশিষ্ট চিকিৎসক ডা. কৃষ্ণেন্দু দেব।
ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদান, প্রবীণদের সম্মান ও সহায়তা এবং গ্রাম্য পুজো কমিটিগুলিকে ধর্মীয় ও সাংস্কৃতিক সামগ্রী প্রদানের মতো একাধিক উদ্যোগে মন্মথপুর প্রণব মন্দির প্রাঙ্গণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পরিণত হয় এক সামাজিক ও সাংস্কৃতিক মিলনক্ষেত্রে। স্বাধীনতার তাৎপর্যকে সামনে রেখে শিক্ষা, সমাজসেবা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের বার্তাই উঠে আসে দিনভর আয়োজনে।



















