আকাশবাণী কলকাতার এফ এম বাংলা বিভাগ, অর্থাৎ ১০৭ অফ.এম. রেইনবো ও ১০০.১ অফ.এম. গোল্ড পিছিয়ে পড়া শিশুদের সঙ্গে পালন করলো শিশু দিবস। আজ ওদেরও শিশু দিবস। ওরা কেউ থাকে একচালা ঘরে, কেউ কেউ পড়াশোনার পাশাপাশি পরিবারকে সাহায্য করছে নানা কাজ করে। অভাব – অনটনকে নিত্যসঙ্গী করে ওদের জীবনের স্রোত বয়ে চলেছে। একটা দিন বেছে নিয়ে ওদের নিষ্পাপ মুখে হাসি ফোটানোর চেষ্টা করলো আকাশবাণী কলকাতার এফএম বাংলা বিভাগ। ১৪ই নভেম্বর শিশু দিবসের সকালে উত্তর কলকাতার শোভাবাজার গঙ্গার ঘাট এলাকাবাসী পিছিয়ে পড়া শিশুদের কাছে পৌঁছে তাদের হাতে তুলে দেওয়া হল খাবার, খাতা, পেন্সিল, রং। ৩-১০ বছর বয়সী বাচ্চারা সরাসরি কথা বললো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। ওদের সঙ্গে আড্ডা দিতে দিতে ওদের পছন্দ – অপছন্দ, ইচ্ছের কথা জানা হলো। এই উদ্যোগ প্রসঙ্গে আকাশবাণী কলকাতার অনুষ্ঠান আধিকারিক শুভায়ন বালা জানালেন, “এর আগেও আমরা পিছিয়ে পড়া শিশুদের কথা ভেবেছি, ওদের জন্য কিছু অবদান রাখার চেষ্টা করেছি। আজকের দিনে আরও একবার ওদের সঙ্গে থাকতে পেরে আমি খুবই খুশি”।
এফএম বাংলা বিভাগের রেডিও জকি এবং অনুষ্ঠান আধিকারিকের উপস্থিতিতে শিশু দিবসের সকালটা স্মরণীয় হয়ে থাকলো।














