একটি দিন হোক প্রেম প্রসূতি
হাসানাত লোকমান
ভারপ্রাপ্ত মহাপরিচালক বাংলা একাডেমি,বাংলাদেশ
একটি দিন হোক প্রেম প্রসূতি
একটি দিন হোক ফুলের,
একটি মন হোক ভালোবাসার
নীল বেদনা ভুলের।
একটি রাত হোক বেলী বাসর
চাঁদ চাদরে ঢাকা,
একটি হৃদয় হোক সমুদ্র
সফেন স্বপ্নে আঁকা।
একটি রাত হোক নিশিগন্ধা
একটি দিন হোক বোধের,
একটি দিন হোক চন্দ্রভেজা
একটি রাত হোক রোদের।
একটি সকাল ঝিনুক ফোটাক
শিউলী ফোটা ভোরে,
একটি বৃন্তে দুইটি হৃদয়
বাঁধুক প্রেমের ডোরে।
একটি স্বপ্ন সপ্তবর্ণা
প্রসূন হয়ে ফুটুক,
নিকষ কালো আঁধার ছেনে
ভোরের সূর্য উঠুক।
একটি রাত হোক উল্টা-পাল্টা
যখন যেমন চাও,
একটি দিন হোক পায়রা নদী
মন পবনের নাও।













