ডাঃ ধীরেশ চৌধুরী
প্রবারণা –
জানি আজ সেই পূর্ণিমা প্রবারণা,
পুনঃ আগমনের প্রতীক্ষায়
উৎসব মুখর মর্ত্যে
কতজনার মনই আজ কেমন যেন আনমনা,
মায়ার বাঁধনে তোকে আজ আমিও বাঁধবো না,
জানি লোকে বলবে “তুমি না তথাগতের মা!”
জগত জুড়ে তোমার অপার মহিমা,
এ দুঃখ তাই তোমায় মোটেও মানায় না।
জানি, বুঝিও সব,
তোকে করতে পেরেছি গর্ভে ধারণ,
সেটাই তো কতজনার ঈর্ষার কারণ,
পারি যদি ছাড়তে সব জাগতিক আসক্তি,
সে পথেই মিলবে তবে দুঃখ মুক্তি,
মা এর মন যে তবুও মানে না এসব যুক্তি,
আজ বুঝি ঝরিয়েছে কত অশ্রুধারা,
আমারই মতন হারিয়ে তোকে যশোধরা।
সন্তান সুখ তো ছিল আমার মাত্র ঐ সাতটি দিন,
স্বর্গ লাভেও তাই আমি যে এক্কেবারে দীন,
ভুলবোনা তাই এই কটা দিন,
কি করে যেন গেল পেরিয়ে
তোর আসার পর মাস তিন,
এক অনির্বচনীয় প্রশান্তি দিয়ে
বুদ্ধ হয়েও চুকিয়ে গেলি তুই মাতৃ ঋণ।
তাবতিংস স্বর্গে তোর আগমন,
আবারও ধন্য হলো আমার জীবন,
শুনে তোর মুখে অভিধর্ম দেশনা,
পাল্টে গেল মনের সব বাসনা,
বহু জনের হিত করি কামনা,
চলে যাবি জেনেও তাই
হচ্ছে না এতটুকু মোর দুঃখ যন্ত্রণা।
পুন্য তিথি আজ প্রবারণা,
চিত্তে জাগ্রত হোক সবার মৈত্রী ভাবনা।
আজ কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা। ঘরে ঘরে পূজিত হচ্ছেন লক্ষ্মী। কিন্তু বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছেও অতি গুরুত্বপূর্ণ এই পূর্ণিমা। সাড়ম্বরে পালিত হয় বিভিন্ন বৌদ্ধ প্রধান দেশে। একে বলা হয় প্রবারণা পূর্ণিমা। বৌদ্ধ মতে, এ পুণ্যময় পূর্ণিমা তিথিতে মহামানব তথাগত গৌতম বুদ্ধ তাবতিংস স্বর্গে মাতৃদেবীকে অভিধর্ম দেশনার পর ভারতের সাংকাশ্য নগরে অবতরণ করেন। মানব জাতির সুখ, শান্তি ও কল্যাণে দিকে দিকে স্বধর্ম প্রচারের জন্য তার ভিক্ষু সংঘকে নির্দেশ প্রদান করেন। একই দিনে তার তিন মাসের বর্ষাবাসের পরিসমাপ্তি ঘটে। পূজনীয় ভিক্ষু সংঘের ত্রৈমাসিক বর্ষাব্রত শেষে আসে এ প্রবারণা তিথি। প্রবারণা হলো আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণের অনুষ্ঠান। এ প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস ধরে বিশ্বের প্রতিটি বৌদ্ধ বিহারে শুরু হবে শুভ কঠিন চীবর দানোৎসব।প্রভাতফেরি, মঙ্গলসূত্র পাঠ, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও অষ্টাঙ্গ উপসথ শীল গ্রহণ, মহাসংঘদান, ভিক্ষু সংঘকে পিণ্ডদান, অতিথি আপ্যায়ন, পবিত্র ত্রিপিটক থেকে পাঠ, আলোচনা সভা, প্রদীপ পূজা, বিশ্বশান্তি কামনায় সম্মিলিত বুদ্ধোপসনা, বুদ্ধ কীর্তন, আলোকসজ্জা, ফানুস ওড়ানো প্রভৃতির মাধ্যমে এই দিনটিকে সাড়ম্বরে পালন করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

ডাঃ ধীরেশ।প্রবারণা/কোজাগরী পূর্ণিমা, ১৪২৬। এই অসাধারণ লেখাটি ২০১৯ সালে লাখেন সমাজ মাধ্যমে। আমরা আইবিজী নিউজ টিম আমাদের সম্মানিত সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য ড. Dhiresh Choudhury মহাশয়ের এই লেখা সকলের উপভোগের জন্য তুলে ধরলাম।













