বিশ্ব ক্ষুধা দিবসে শিয়ালদহে অসহায় মানুষের পাশে ‘উৎকর্ষে আরোহণ’
By Suprokash Chakraborty
কলকাতা, ২৮ মে: বিশ্ব ক্ষুধা দিবস উপলক্ষে বৃহস্পতিবার শিয়ালদহ দক্ষিণ শাখা সংলগ্ন মেট্রো স্টেশনের পাশে অসহায়, দরিদ্র ও ক্ষুধার্ত মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। মানবিক এই উদ্যোগের আয়োজক ছিল স্বেচ্ছাসেবী সংস্থা ‘উৎকর্ষে আরোহণ’।
কর্মসূচিতে রান্না করা খাবার সরবরাহের মাধ্যমে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জনপ্রিয় বাঙালি রেস্তোরাঁ ‘ভূতের রাজা দিল বর’। দুপুরে এলাকার পথবাসী, শ্রমজীবী ও খাদ্য সংকটে থাকা বহু মানুষের হাতে খাবার তুলে দেন স্বেচ্ছাসেবীরা।
সংস্থার পক্ষ থেকে অনুপম মজুমদার জানান, বিশ্ব ক্ষুধা দিবসের তাৎপর্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া এবং ক্ষুধার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। তিনি বলেন, “সমাজে এখনও বহু মানুষ প্রতিদিন পর্যাপ্ত খাদ্যের অভাবে জীবনযাপন করেন। তাদের পাশে দাঁড়ানো শুধুমাত্র মানবিক কর্তব্য নয়, এটি আমাদের সামাজিক দায়িত্বও।”
আয়োজকরা জানান, এই উদ্যোগ শুধুমাত্র বিশ্ব ক্ষুধা দিবসকে কেন্দ্র করে নয়; ভবিষ্যতেও সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের জন্য এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
খাদ্য বিতরণ কর্মসূচিকে ঘিরে এলাকাজুড়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়। সাধারণ মানুষ, রেলযাত্রী এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও এই উদ্যোগকে ঘিরে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়। আয়োজকদের এই প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন উপস্থিত নাগরিকরা।

প্রতিবেদন: IBG NEWS















