শ্যামা
স্বলিখিত কবিতা — ডাঃ ধীরেশ চৌধুরী
যুগ তার যাই হোক নাম,
পৌরাণিক বা আধুনিক তাদের একই পরিণাম,
কবিতায় বুনুক যতই তারা আলো,
ব্রাত্য আজও তবু যারা কালো।
ওদের চোখায় নিষেধ যারা করে,
কি ভণ্ডামি!
কালীর পূজা তাদেরই আজ ঘরে।
ভণ্ডরা সব বনেছে আজ পূজারী,
দুর্গা, কালী হোক বা কোজাগরী।
আপাদ মস্তক যে মানুষগুলো জানি,
কি পরিহাস!
অর্চনাতে শ্যামা তোর ওরাই নাকি মালি।
পুজোটা তো নিচ্ছিস হর বছর,
বাড়ছে দিনকে দিন যার বহর,
এসবেতে কি যাচ্ছিস সব ভুলে!
দেখতে তাই পারছিস না চোখ খুলে,
রংটা তোর পেয়েছে শুধু বলে,
কত মেয়ে ঝরে যাচ্ছে অকালে,
সিঁথিতে একটু সিঁদুর পাবে বলে,
পরাচ্ছে মালা ঘাটের মড়ার গলে,
অথবা থাকছে কত মেয়ের সানাই,
তবুও চারপাশে দেখ চেয়ে
আজ তোর অর্চনায় কত আলোর রোশনাই!
মর্গতে আজও শুয়ে কত শ্যামা,
যাদের ভাগ্যে জোটেনি শিবের ক্ষমা,
হোক না আজ দিনটা দীপাবলি,
ছুটি যে নেই তাও ঐ মেয়েদের গলি,
সবাই ডাকে নিষ্তারিণী তোকে,
সাড়া দিসনা কেন তবে?
ঐ অভাগীদের ডাকে।
© ডাঃ ধীরেশ চৌধুরী













