
পুজোর আগে কলকাতায় ‘দ্য অরা গ্যালারি’র যাত্রা, ভারতীয় ঐতিহ্য, খাদি ও হস্ততাঁতের সম্ভারে স্বদেশি ফ্যাশনের নতুন ঠিকানা
অন্তরা ত্রিপাঠী | সম্পাদক, আইবিজি নিউজ বাংলা
কলকাতা, ২৬ জুলাই: দুর্গাপুজোর প্রাক্কালে ভারতীয় ঐতিহ্য, হস্ততাঁত, খাদি এবং স্বদেশি বস্ত্রকে আরও বৃহত্তর পরিসরে তুলে ধরার লক্ষ্যে কলকাতার রাজা এস. সি. মল্লিক রোডে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘দ্য অরা গ্যালারি’, যা সাই খাদি-র নতুন উদ্যোগ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সোনালী চৌধুরী এবং অভিনেতা অভ্রজিত চক্রবর্তী। তাঁদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
সংস্থার দুই কর্ণধার রিঙ্কু সিং এবং উদিপ্তা জেনা জানান, ‘দ্য অরা গ্যালারি’ কেবলমাত্র একটি পোশাকের বিপণি নয়; এটি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং কারুশিল্পের প্রতি এক আন্তরিক শ্রদ্ধার্ঘ্য। এখানে শাড়ির পাশাপাশি কুর্তা, কুর্তি, পাঞ্জাবি-সহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের সমৃদ্ধ সংগ্রহ রয়েছে।
তাঁদের কথায়, দেশের বিভিন্ন প্রান্তের তাঁত ক্লাস্টার এবং কারিগরদের কাছ থেকে সরাসরি সংগ্রহ করা হয়েছে এই বিপুল সম্ভারের বড় অংশ। প্রতিটি বস্ত্রের সঙ্গে জড়িয়ে রয়েছে এক একটি পরিবারের জীবিকা, শতাব্দীপ্রাচীন ঐতিহ্য এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা শিল্পকুশলতার উত্তরাধিকার। সেই ঐতিহ্যকে সম্মান জানানো এবং কারিগরদের যথাযথ মর্যাদা দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
প্রতিষ্ঠানের মূল বার্তা—“Tradition over Trends – Wear the Swadeshi Thread”। অর্থাৎ, ক্ষণস্থায়ী ফ্যাশনের পরিবর্তে ভারতীয় ঐতিহ্য এবং স্বদেশি বস্ত্র ব্যবহারে মানুষকে উৎসাহিত করাই তাদের লক্ষ্য।
অভিনেত্রী সোনালী চৌধুরী এবং অভিনেতা অভ্রজিত চক্রবর্তী জানান, পুজোর আগে দেশের বিভিন্ন রাজ্য থেকে আনা বৈচিত্র্যময় এই সংগ্রহ ক্রেতাদের বিশেষভাবে আকৃষ্ট করবে এবং ঐতিহ্যবাহী ভারতীয় পোশাকের প্রতি আগ্রহ আরও বাড়াবে।
সংস্থার পক্ষ থেকে চারটি গুরুত্বপূর্ণ অঙ্গীকারও তুলে ধরা হয়। এগুলি হল—
- ন্যায্য মূল্যে উন্নত মানের ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক সরবরাহ,
- দেশের তাঁতি ও কারিগরদের পাশে দাঁড়ানো,
- পরিবেশবান্ধব ও হাতে তৈরি পোশাকের প্রসার ঘটানো,
- এবং প্রতিটি গ্রাহককে আন্তরিক ও বিশ্বস্ত পরিষেবা প্রদান।
উদ্যোক্তাদের মতে, এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন নতুন প্রজন্মের কাছে ভারতীয় হস্ততাঁত, খাদি ও ঐতিহ্যবাহী পোশাককে আরও জনপ্রিয় করে তোলা হবে, তেমনি দেশের স্বদেশি শিল্প, তাঁতি ও কারিগরদের অর্থনৈতিকভাবে আরও শক্তিশালী করার দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ‘দ্য অরা গ্যালারি’।
পুজোর মরসুমের আগে ঐতিহ্য ও আধুনিকতার সেতুবন্ধন গড়ে তুলে কলকাতার ফ্যাশনপ্রেমীদের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠতে চলেছে এই স্বদেশি উদ্যোগ।











