সেদিন হোক মধুর সর্বনাশ
সুমন মুন্সী , কলকাতা
অপরূপা সেজে, ফাগুনের আগুন রূপে,
প্রেম বারে বারে এসেছে নানা রূপে।
বাঁধা পরে জীবন যখন, সেদিন হয় সর্বনাশ,
জেনে বুঝে তবুও চেয়েছি তা বারো মাস।
কেঁদেছি যত, কাঁদিয়েছি কি তত?
প্রশ্ন করে এ মন যত, উত্তর কঠিন হয়ে যায় তত।
তোমার চোখের কাজল ভিজলে,
এ মনে কেন আগুন জ্বলে?
কেন কাঁদিয়ে অন্তরেতে, কাঁদি নিজে বারে বারে?
ভালোবাসা কি এরে কয়, কেবলই যাতনাময়?
কবিগুরু কি বলে গেলেন,
সোহাগটাও কি ফেলে গেলেন?
সেদিন চৈত্র মাস, তোমার দুচোখে দেখেছি আমার সর্বনাশ,
সে আগুনে জ্বলেছি যত,
হয়েছি কুন্দন তত ।
বারবার নীরবে হার মানি, সে আমার প্রেমের জিত জানি,
তুমি যখন হার মান, আমিও যে হারি জানো ?
কখনো রোগের ঘরে , শরীর যদি বাঁধ ভাঙে ,
অবুঝ মন কে বোলো শেষ রাতে সেই জাগে,
সোহাগের রানী যেন ।
জেনো রাগ যত ভারী,
শেষে শুধু মধু মাস তারই।
সপ্তপদীর চলা, নয়তো শুধুই চলা,
দোলা যদি দেয় এ মন,
অপরের মনে প্লাবন তখন।
মধুমাসে সর্বনাশ, সবাই জেনো করে তার আশ।
অমর হোক সবার সপ্তপদীর চলা,
মনে রয় শুধু এই আশা,
সেদিন হোক মধুর সর্বনাশ ।














