চোরবাগান কি শুধুই একটি দুর্ঘটনা?
উৎসবের উন্মাদনার আড়ালে নিরাপত্তার প্রশ্ন, প্রশাসনের দায় এবং আমাদের আত্মসমালোচনা
By Dr.Dhiresh Choudhary
Kolkara,21 October 2026
সাম্প্রতিক চোরবাগানের মর্মান্তিক ঘটনা আজ ঘটেছে। কিন্তু এমন ঘটনা এর আগেও ঘটতে পারত। ঘটেনি—সেটা রাজ্যবাসীর সৌভাগ্য, ব্যবস্থাপনার সাফল্য বলে আত্মতুষ্ট হওয়ার কোনও কারণ নেই।
কারণ, এ ধরনের দুর্ঘটনা ঘটার মতো পরিস্থিতি ও ঝুঁকির উপাদান বহু বছর ধরেই তৈরি হচ্ছিল। বিশেষত, থিম পুজোর ক্রমবর্ধমান দৌরাত্ম্যের যুগে। হ্যাঁ, সচেতনভাবেই ‘দৌরাত্ম্য’ শব্দটি ব্যবহার করছি। জানি, এতে অনেকেই বিরাগভাজন হবেন। কিন্তু অপ্রিয় সত্যকে শুধু কারও মনঃপূত হবে না বলে এড়িয়ে যাওয়া যায় না।
প্রায় আঠারো বছর ধরে, করোনা-পূর্ব সময় পর্যন্ত, একটি শারদ সম্মানের আয়োজক হিসেবে কলকাতার বিভিন্ন পুজো, বিশেষত বড় পুজোগুলি কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার। সেই সুবাদে অনেক মণ্ডপ দেখেছি ভিআইপি গেট দিয়ে। সাধারণ দর্শনার্থীদের মতো দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়নি ঠিকই, কিন্তু সেই সুযোগে চোখের সামনে যা দেখেছি, তা অস্বীকার করব কী করে?
দেখেছি অনিয়ন্ত্রিত ভিড়, দেখেছি উন্মাদনার আতিশয্য, দেখেছি এমন পরিস্থিতি, যেখানে সামান্য কোনও বিশৃঙ্খলাও মুহূর্তে বড় বিপর্যয়ের কারণ হয়ে উঠতে পারত। কোনও কোনও ক্ষেত্রে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া মোটেই অসম্ভব ছিল না। হয়নি—সেটাই সৌভাগ্য। কিন্তু শুধুমাত্র দুর্ঘটনা ঘটেনি বলে যে ব্যবস্থাপনা নিরাপদ ছিল, এমন সিদ্ধান্তে পৌঁছনো কি যুক্তিসংগত?
দুর্ঘটনা না ঘটা আর দুর্ঘটনা প্রতিরোধের উপযুক্ত ব্যবস্থা থাকা—দুটো সম্পূর্ণ আলাদা বিষয়।
মণ্ডপের জৌলুসের আড়ালে কোথায় দর্শনার্থীর নিরাপত্তা?
বিশেষত উত্তর কলকাতার বহু পুরনো ও ঘনবসতিপূর্ণ এলাকার পুজোগুলিতে প্রবেশ ও নির্গমনের পথ অত্যন্ত সংকীর্ণ। ঢোকার মুখটি হয়তো যথেষ্ট প্রশস্ত, আলোকোজ্জ্বল ও নিয়ন্ত্রিত। কিন্তু বেরোনোর পথ? বেশিরভাগ ক্ষেত্রেই অসম্ভব সরু ও অন্ধকারাচ্ছন্ন, কোথাও নানা কারণে বাধাগ্রস্ত। সেখানে পর্যাপ্ত প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকের অভাব যেমন চোখে পড়ে, তেমনই সেই প্রস্থানের পথে পুলিশের সক্রিয় উপস্থিতিও দৃশ্যমান হয় না।
থিমের অভিনবত্ব ও নান্দনিকতা বজায় রাখতে গিয়ে কোনও কোনও মণ্ডপের ভিতরেও তৈরি করা হয় আলো-আঁধারির পরিবেশ। শিল্পের দৃষ্টিতে তা আকর্ষণীয় হতে পারে, কিন্তু সেই নকশা যদি প্রবীণ মানুষ, শিশু, শারীরিকভাবে অসুবিধায় থাকা ব্যক্তি কিংবা অসুস্থ দর্শনার্থীর চলাচলকে বিপজ্জনক করে তোলে, তাহলে সেই নান্দনিকতার মূল্য কে দেবে?
পুজো তো সর্বজনীন। সেখানে প্রবীণ মানুষ কিংবা শিশুদের নিরাপত্তা কি কোনও ঐচ্ছিক বিষয়? তাঁদের কথা মাথায় রেখেই কি মণ্ডপের প্রবেশপথ, নির্গমনপথ, আলোর ব্যবস্থা এবং জরুরি পরিস্থিতিতে বেরিয়ে আসার পরিকল্পনা করা হয়?
একই প্রশ্ন প্রাথমিক চিকিৎসা ও অ্যাম্বুল্যান্স পরিষেবা নিয়েও। কিছু মণ্ডপে নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা থাকে। কিন্তু বহু জায়গায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কোথাও ব্যবস্থা থাকলেও সেটি বাস্তবে কতটা ব্যবহারযোগ্য, নাকি লোকদেখানো বা শুধুমাত্র প্রাথমিক অনুমতি পাওয়ার জন্য, তা যাচাই করা জরুরি। অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা থাকলেই দায়িত্ব শেষ হয়ে যায় না। বিপুল ভিড়ের মধ্যে সেই অ্যাম্বুল্যান্স সময়মতো ঘটনাস্থলে পৌঁছতে পারবে কি না, রোগীকে দ্রুত বের করে আনার পথ থাকবে কি না, কাছাকাছি হাসপাতালের সঙ্গে সমন্বয় থাকবে কি না—এসবেরও উত্তর থাকা দরকার।
জরুরি পরিষেবার ব্যবস্থা থাকা আর জরুরি মুহূর্তে সেই পরিষেবা কার্যকর হওয়া এক কথা নয়।
এত বিদ্যুৎ, এত আলোকসজ্জা—নিরাপত্তা কতটা নিশ্চিত?
বড় পুজোয় বিপুল পরিমাণ বিদ্যুৎ ব্যবহার হয়। চোখধাঁধানো আলোকসজ্জা, বৈদ্যুতিক ইনস্টলেশন, অস্থায়ী তার, বিভিন্ন যন্ত্রপাতি—সব মিলিয়ে বৈদ্যুতিক নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ সাধারণ দর্শনার্থী হিসেবে আমরা কতটা নিশ্চিত হতে পারি যে প্রতিটি সংযোগ, প্রতিটি তার, প্রতিটি বৈদ্যুতিক ব্যবস্থা যথাযথভাবে সুরক্ষিত?
অবশ্যই, অনুমান করে কোনও নির্দিষ্ট মণ্ডপের ত্রুটি ঘোষণা করা যায় না। কিন্তু বিপুল জনসমাগমের জায়গায় বৈদ্যুতিক নিরাপত্তার নিরপেক্ষ পরিদর্শন ও নিয়মিত পরীক্ষা যে বাধ্যতামূলক গুরুত্ব পাওয়া উচিত, তা নিয়ে দ্বিমত থাকার কথা নয়।
নিয়মকানুন নিশ্চয়ই রয়েছে। অনুমতি পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও ব্যবস্থা দেখানোও হয়। কিন্তু প্রশ্ন হল, অনুমতি পাওয়ার জন্য যতটুকু করা দরকার, ঠিক ততটুকুই কি করা হচ্ছে? নাকি নিয়ম মেনে নিরাপত্তা নিশ্চিত করাটাই প্রকৃত লক্ষ্য?
কাগজে-কলমে সম্মতি আর বাস্তবে নিরাপত্তার মধ্যে যেন কোনও ফারাক না থাকে।
ভিআইপি সংস্কৃতি: কার জন্য এই উৎসব?
এবার আসা যাক আরেকটি অস্বস্তিকর প্রসঙ্গে—ভিআইপি সংস্কৃতি।
পুজোর উদ্যোক্তাদের একটি অংশের কাছে উৎসবের সাফল্য যেন নির্ভর করে কতজন বিশিষ্ট ব্যক্তিকে আনা গেল, কাকে কতটা আপ্যায়ন করা গেল, কত বড় সংবাদমাধ্যমে ছবি প্রকাশিত হল, আর কতগুলি শারদ সম্মান জেতা গেল তার উপর। ফলে সাধারণ দর্শনার্থীর নিরাপত্তার মতো মৌলিক বিষয় কখনও কখনও প্রচার, প্রতিযোগিতা ও প্রভাবশালীদের ব্যবস্থাপনার আড়ালে চলে যায়।
ভিআইপিদের জন্য আলাদা প্রবেশপথ, বিশেষ সুবিধা, পুলিশি তৎপরতা—এসবের ব্যবস্থা থাকতেই পারে। কিন্তু সেই ব্যবস্থা করতে গিয়ে সাধারণ মানুষের চলাচল, নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য যেন দ্বিতীয় সারিতে চলে না যায়।
আর এখন তো ভিআইপি পরিচয়েরও যেন কোনও সীমা নেই! দু-একবার কোনও সিরিয়ালে মুখ দেখানো ব্যক্তি থেকে শুরু করে সদ্য রাজনীতিতে আসা নেতা, স্বল্পপরিচিত তারকা কিংবা প্রভাবশালী পরিচিতির অধিকারী—অনেকের হাতেই ভিআইপি পাস। প্রশ্ন হল, এই বিশেষ ব্যবস্থার যৌক্তিকতা কী? কে প্রকৃত অর্থে বিশেষ নিরাপত্তা বা বিশেষ প্রবেশাধিকারের প্রয়োজনীয়তা রাখেন, আর কে শুধুই পরিচিতির জোরে সেই সুবিধা পান?
সর্বজনীন উৎসবে সাধারণ মানুষই যদি বারবার বিশেষ সুবিধাভোগীদের জন্য জায়গা ছেড়ে দেন, তাহলে ‘সর্বজনীন’ শব্দটির প্রকৃত অর্থ কোথায় থাকে?
পুলিশেরও সীমিত জনবল রয়েছে। সেই জনবলের একটি বড় অংশ যদি ভিআইপি ব্যবস্থাপনা, যানবাহন চলাচল ও বিশেষ অতিথিদের নিরাপত্তায় ব্যস্ত থাকে, তাহলে সাধারণ দর্শনার্থীদের নিরাপত্তার জন্য পর্যাপ্ত কর্মী ও নজরদারি থাকছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।
পুজোয় সম্মান পাওয়া অবশ্যই আনন্দের। কিন্তু পুরস্কার পাওয়ার প্রতিযোগিতা যদি নিরাপত্তার প্রতিযোগিতাকে ছাপিয়ে যায়, তাহলে সেই সম্মানের অর্থ কী?
নতুন সরকার, পুরনো সমস্যা এবং ?দায় এড়ানোর রাজনীতি
এবারের ঘটনা নতুন সরকারের প্রথম দুর্গাপুজোর সময় ঘটেছে—এটা নিঃসন্দেহে তাদের জন্য অস্বস্তিকর ও দুর্ভাগ্যজনক। কিন্তু এই ধরনের বিপর্যয়ের ঝুঁকি কি শুধু এই সরকারের আমলেই তৈরি হয়েছে? মোটেই নয়। আগের সরকারগুলির সময়েও একই ধরনের ঘটনা ঘটতে পারত। ঘটেনি বলে তাঁরা হয়তো সেই দায়ের মুখোমুখি হননি। কিন্তু বিপর্যয় না ঘটার অর্থ এই নয় যে সব ব্যবস্থা নিখুঁত ছিল।
তবে অতীতের সরকারের কথা বলে বর্তমান সরকার দায় এড়াতে পারে না। যিনি যে সময় ক্ষমতায় থাকবেন, সেই সময়ের প্রশাসনিক সিদ্ধান্ত, নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থার দায় তাঁকেই নিতে হবে।
আগের সরকারের প্রতি জনজীবনের অসন্তোষ থেকেই যদি মানুষ পরিবর্তন চেয়ে থাকে, তাহলে নতুন সরকারের কাছে প্রত্যাশা থাকবে আরও ভালো প্রশাসন, আরও কার্যকর ব্যবস্থা এবং আরও বেশি জবাবদিহির। পুরনো ভুলের পুনরাবৃত্তি দেখার জন্য তো মানুষ পরিবর্তন চায়নি।
কোনও ঘটনা ঘটলে তদন্ত হবে, দোষী চিহ্নিত হবে, ক্ষতিপূরণের ঘোষণা হবে, রাজনৈতিক তরজা শুরু হবে—তারপর ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। এই চেনা চক্র থেকে আমরা কি কখনও বেরিয়ে আসব না?
আর একটি প্রশ্ন থেকেই যায়। এই একই ঘটনা যদি ভোটের আগে ঘটত, তাহলে রাজনৈতিক প্রচার, অভিযোগ, পাল্টা অভিযোগ ও জনমত তৈরির কী বিপুল আয়োজনই না দেখা যেত! আজ যারা ক্ষমতায়, তাঁদের অনেকেই তখন বিরোধী আসনে বসে কী বলতেন, তা অনুমান করা কঠিন নয়।
যেমন জল জমা নিয়ে কত সমালোচনা হয়েছে, কত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু সমস্যার স্থায়ী সমাধান কতটা হয়েছে? সেতুর রাস্তা অযথা রং করা, সেই রং মোছা—এসব নিয়েও বহু কথা বলা যায়।
কিন্তু মনে রাখতে হবে, সরকারি অর্থের প্রতিটি খরচের একটি জনস্বার্থমূলক যুক্তি থাকা দরকার। তা সে কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) অর্থেই হোক বা অন্য কোনও উৎসের অর্থেই হোক, অর্থের উৎস যা-ই হোক, পরিকল্পনা, স্বচ্ছতা ও যথাযথ অনুমোদনের প্রয়োজন ফুরিয়ে যায় না। এটি কারও ব্যক্তিগত বাড়ি রং করার বিষয় নয়। জনস্বার্থে ব্যয় হওয়া প্রতিটি টাকার জবাবদিহি থাকা উচিত।
এখানে বর্তমান মুখ্যমন্ত্রী সম্পর্কে একটি কথা বলতেই হয়। ভুল হলে তা সংশোধন করা এবং প্রয়োজনে ভুল স্বীকার করা নেতৃত্বের একটি ইতিবাচক গুণ। কিন্তু সংশোধন যেন বরাবরের ঘটনা হয়ে না যায়। একবার ভুল সংশোধন করা প্রশংসনীয়; একই ধরনের ভুলের পুনরাবৃত্তি রোধ করাই প্রকৃত প্রশাসনিক দক্ষতার পরিচয়।
পুজোর কার্নিভাল বন্ধ করা যেমন প্রশংসনীয় পদক্ষেপ, তেমনই পুজোর আগে মহালয়ার দিনে বিপুল আয়োজনের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়ে যায়। শুনেছি, সেখানে সরকারের আরও বেশি টাকা খরচ হয়েছে। যদি তা-ই হয়, তাহলে সেই খরচের যুক্তি কী? সেখানে সর্বসাধারণের অংশগ্রহণই বা কতটা? আগের সরকারের সময় যাঁরা সুবিধাভোগী ছিলেন, তাঁদেরই অনেকে যদি শুধু রাজনৈতিক রং বদলে নতুন সরকারের সময়েও একইভাবে প্রভাব বিস্তার করেন, তাহলে পরিবর্তনটা কোথায়? সেই একই মুখ, শুধু রংটা আলাদা! মনে রাখা দরকার, এই সুবিধাবাদীদের দৌরাত্ম্য দেখেই সাধারণ মানুষ একসময় অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তাঁদের থেকে মুক্তি পাওয়ার প্রত্যাশাতেই তো সরকার পরিবর্তনের পক্ষে জনমত তৈরি হয়েছিল।
সরকারকে সমালোচনা করা যেমন নাগরিকের অধিকার, তেমনই সরকারের উচিত সমালোচনাকে ব্যক্তিগত আক্রমণ না ভেবে প্রয়োজনীয় সংশোধনের সুযোগ হিসেবে দেখা। তবে এটাও ঠিক যে নতুন সরকারকেও সময় দিতে হবে। কারণ আগের সরকার রাজ্যটার যে হাল করে ছেড়ে দিয়েছে তাকে স্বাভাবিক করতেই একটা বড় সময় এমনকি একটা মেয়াদ চলে যেতে পারে। আর সেই কারণেই নতুন দায়িত্ব প্রাপ্ত সরকারকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যে প্রতিশ্রুতি পালন সম্ভব নয় সেটা খামোকা ঘোষণা করে মানুষকে বোকা বানানোর চেষ্টা থেকে বিরত থাকতে হবে। জনমোহিনী নয়, বাস্তব সম্মত জনদরদী প্রকৃত ভূমিকা পালন করলেই যথেষ্ট। সাধারণ মানুষের প্রতি আস্থা রাখুন, তাঁরা খুব ভালো বিচার করতে পারে। মনে রাখতে হবে তথাকথিত ওই সব সুবিধাবাদী সেলিব্রিটিদের ভোটে নয়, আপনারা এসেছেন আমাদের ভোট নিয়ে। ওরা সময়ে পাল্টি খায়, সাধারণ মানুষেরা অতটা নির্লজ্জ নয়, মুষ্টিমেয় বাদ দিয়ে।
বইয়ের জবাব বই দিয়ে দিন, নিষেধাজ্ঞা দিয়ে নয়
পুজোর সময় কোনও ব্যক্তি বা সংগঠনকে স্টল করতে না দেওয়ার মধ্যে কীসের বাহাদুরি? মতের বিরোধিতা থাকলে তার জবাব যুক্তি দিয়ে দেওয়া যায়, বইয়ের জবাব বই দিয়ে দেওয়া যায়, বক্তব্যের জবাব বক্তব্য দিয়ে দেওয়া যায়।
মানুষ কী পড়বেন, কী ভাববেন, কোন মতের সঙ্গে সহমত হবেন—সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা মানুষের উপরেই ছেড়ে দেওয়া উচিত। মানুষের বিবেচনাবোধের উপর যদি আস্থা থাকে, তাহলে ভিন্নমতকে ভয় পাওয়ার কী কারণ?
বইকে বই দিয়ে পরাস্ত করুন, যুক্তিকে যুক্তি দিয়ে। তবেই বুঝব, আপনাদের নিজেদের বক্তব্যের উপর সত্যিই আস্থা রয়েছে।
সমালোচনা নয়, কিছু বাস্তবসম্মত প্রস্তাব
আমার এই লেখা শুধুমাত্র সমালোচনা করার জন্য নয়। দুর্ঘটনার পরে দাঁড়িয়ে জ্ঞান দেওয়ার উদ্দেশ্যেও নয়। বরং ভবিষ্যতে যাতে এমন বিপর্যয়ের পুনরাবৃত্তি না হয়, তার জন্য কয়েকটি প্রস্তাব রাখতে চাই।
আমি কোনও বিশেষজ্ঞ দাবি করি না। নেহাতই একজন সাধারণ নাগরিক হিসেবে, নিজের অভিজ্ঞতা ও সাধারণ বুদ্ধি থেকে কয়েকটি কথা বলছি। কর্তৃপক্ষের কাছে এগুলি গ্রহণযোগ্য হবে কি না, তা তাঁদের বিবেচনার বিষয়। তবু আলোচনা শুরু হওয়া দরকার।
১. পুজোর সংখ্যা নয়, পরিকল্পনা ও বহনক্ষমতাকে গুরুত্ব দেওয়া হোক।
শুধু পুজোর সংখ্যা বাড়ানোকে উৎসবের সাফল্য হিসেবে দেখা বন্ধ করতে হবে। এবারে আরও ১২,৬০০টি পুজো বেড়েছে বলে তথ্য শুনেছি। সংখ্যা বাড়ার এই প্রবণতা যদি বাস্তব হয়, তাহলে প্রতিটি নতুন পুজোর অনুমতি দেওয়ার আগে তার স্থান, রাস্তার বহনক্ষমতা, জনসমাগমের সম্ভাবনা, জরুরি পরিষেবা এবং আশপাশের পুজোগুলির উপর প্রভাব খতিয়ে দেখা জরুরি।
বিশেষ করে কলকাতা বা অন্যান্য বড় শহরে প্রধান রাস্তার উপর যেসব বড় পুজো হয়, সেখানে এক কিলোমিটারের মধ্যে একটি বা সর্বাধিক দুটি বড় পুজো রাখার মতো অঞ্চলভিত্তিক পরিকল্পনা বিবেচনা করা যেতে পারে। সব এলাকার জন্য একই নিয়ম কার্যকর নাও হতে পারে, তাই রাস্তার প্রস্থ, জনবসতি, যান চলাচল ও সম্ভাব্য দর্শনার্থীর সংখ্যা বিচার করে সিদ্ধান্ত নেওয়া উচিত।
আমাদের পাটুলি বাইপাস কানেক্টরের আধ কিলোমিটার রাস্তার মধ্যেই বর্তমানে পাঁচটি বড় পুজো হচ্ছে। এমন পরিস্থিতিতে একই সময়ে একাধিক মণ্ডপে বিপুল জনসমাগম হলে রাস্তার উপর চাপ কতটা বাড়তে পারে, তা সহজেই অনুমেয়।
ঘনবসতিপূর্ণ এলাকায় অযৌক্তিক পুনরাবৃত্তি, অস্বাস্থ্যকর প্রতিযোগিতা এবং একই সময়ে অতিরিক্ত জনসমাগম কমানোর জন্য অঞ্চলভিত্তিক পরিকল্পনা করা দরকার।
পাড়ায় পাড়ায় পুজো থাকুক, কিন্তু সেই পুজো যেন প্রতিবেশী এলাকার নিরাপত্তাকে বিপন্ন না করে। প্রতিযোগিতা হোক শিল্পে, সামাজিক উদ্যোগে ও মানবিকতায়—শুধু আকারে বা জৌলুসে নয়।
২. মণ্ডপের নিরাপদ বহনক্ষমতা নির্ধারণ করা হোক।
প্রতিটি বড় মণ্ডপের ক্ষেত্রে বিশেষজ্ঞদের সাহায্যে নির্ধারণ করা হোক, একই সময়ে এবং একটি নির্দিষ্ট দিনে সর্বাধিক কতজন দর্শনার্থী নিরাপদে মণ্ডপ দর্শন করতে পারবেন এবং নির্দিষ্ট সময়ে কতজনকে প্রবেশ করতে দেওয়া যাবে।
সেই অনুযায়ী প্রবেশ নিয়ন্ত্রণ, ভিড়ের ঘনত্ব পর্যবেক্ষণ এবং প্রয়োজনে সাময়িকভাবে প্রবেশ বন্ধ করার ব্যবস্থা থাকতে হবে। অনুমোদিত নিরাপদ সীমা অতিক্রম করলে নতুন দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করতে হবে—কেউ কতটা প্রভাবশালী, তার ভিত্তিতে নয়; নিরাপত্তার ভিত্তিতে।
প্রয়োজন হলে ডিজিটাল কাউন্টিং, প্রবেশ ও নির্গমনের পৃথক গণনা এবং বিকল্প পথের ব্যবস্থা করা যেতে পারে। এতে পুলিশ আগে থেকেই জনসমাগমের সম্ভাব্য চাপ বুঝতে পারবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে পারবে।
৩. পুলিশ ও প্রশাসনের পাশাপাশি নিরপেক্ষ স্বেচ্ছাসেবী সংগঠনকে যুক্ত করা হোক।
শুধু পুলিশ দিয়ে বিপুল জনসমাগম সামলানো সবসময় সম্ভব নয়। প্রশিক্ষিত, দায়িত্বশীল ও রাজনৈতিকভাবে নিরপেক্ষ স্বেচ্ছাসেবী সংগঠনগুলির সাহায্য নেওয়া যেতে পারে।
তবে তাঁদের কাজের নির্দিষ্ট সীমা, দায়িত্ব ও প্রশিক্ষণ থাকা জরুরি। আইনশৃঙ্খলা রক্ষা ও জরুরি সিদ্ধান্তের কর্তৃত্ব অবশ্যই সংশ্লিষ্ট সরকারি সংস্থার হাতেই থাকবে।
৪. অঞ্চলভিত্তিক বহুদপ্তরীয় তদারকি কমিটি গঠন করা হোক।
প্রতিটি নির্দিষ্ট অঞ্চলের জন্য একটি তদারকি কমিটিতে পুলিশ, প্রশাসন, স্বাস্থ্য দপ্তর, দমকল, বিদ্যুৎ দপ্তর এবং প্রয়োজনমতো পুরসভা ও বিপর্যয় মোকাবিলা বিভাগের প্রতিনিধিরা থাকুন।
এলাকার নিরপেক্ষ ও অভিজ্ঞ নাগরিকদেরও যুক্ত করা যেতে পারে। তবে তাঁদের নির্বাচন ও ভূমিকা যেন স্বচ্ছ হয় এবং কোনও রাজনৈতিক দলের নিয়ন্ত্রণে না থাকে।
পুজোর আগে প্রতিটি মণ্ডপের প্রবেশ ও নির্গমনপথ, অগ্নিনিরাপত্তা, বৈদ্যুতিক সংযোগ, ভিড় নিয়ন্ত্রণ, জরুরি চিকিৎসা এবং অ্যাম্বুল্যান্সের প্রবেশপথ পরীক্ষা করা হোক। ঘাটতি থাকলে তা সংশোধন না করা পর্যন্ত প্রয়োজনীয় অনুমতি দেওয়া উচিত নয়।
পুজোর সময়ও আকস্মিক পরিদর্শনের ব্যবস্থা থাকুক। অনুমতি পাওয়ার পর নিয়ম ভাঙলে দ্রুত সংশোধনের নির্দেশ ও প্রযোজ্য আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।
৫. পুজোর আগে বাধ্যতামূলক মক ড্রিল করা হোক।
কোনও দুর্ঘটনা ঘটলে কীভাবে দর্শনার্থীদের নিরাপদে বের করা হবে, কীভাবে আহতদের উদ্ধার করা হবে, কোথায় প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে, অ্যাম্বুল্যান্স কোন পথে আসবে এবং কোন হাসপাতালে রোগীদের পাঠানো হবে—এসব আগে থেকেই নির্দিষ্ট থাকা দরকার।
শুধু কাগজে পরিকল্পনা লিখে রাখলেই চলবে না। বাস্তবে মহড়া করে দেখতে হবে সেই পরিকল্পনা কার্যকর কি না। কোথায় বাধা রয়েছে, কোন পথে ভিড় আটকে যেতে পারে, কার কী দায়িত্ব—সব চিহ্নিত করে সংশোধন করতে হবে।
৬. প্রত্যাশিত ভিড় অনুযায়ী প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক বাধ্যতামূলক করা হোক।
প্রতিটি পুজোর সম্ভাব্য দর্শনার্থীর সংখ্যা, মণ্ডপের আকার, প্রবেশ ও নির্গমনপথ এবং এলাকার পরিস্থিতি বিবেচনা করে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক রাখতে হবে। তাঁদের শুধু পরিচয়পত্র বা পোশাক দিলেই হবে না। ভিড় নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতিতে যোগাযোগ, প্রবীণ ও শিশুদের সহায়তা এবং নিরাপদে দর্শনার্থীদের বের করে আনার বিষয়ে প্রশিক্ষণ দিতে হবে।
কোনও জরুরি পরিস্থিতিতে কে কাকে খবর দেবেন, কার নির্দেশে প্রবেশ বন্ধ হবে, কারা উদ্ধারকাজে সহায়তা করবেন—এই দায়িত্ববণ্টন আগে থেকেই নির্দিষ্ট থাকা দরকার।
৭. পুজোর অনুমতির সঙ্গে নিরাপত্তা প্রশিক্ষণ ও জরুরি স্বাস্থ্য পরিকল্পনাকে যুক্ত করা হোক।
পুজো কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্য ও স্বেচ্ছাসেবকদের জন্য পুজোর আগে প্রশিক্ষণ বাধ্যতামূলক করা যেতে পারে। প্রাথমিক চিকিৎসা, CPR-এর উপযুক্ত প্রশিক্ষণ, জরুরি যোগাযোগব্যবস্থা, অগ্নিনিরাপত্তা এবং ভিড়ের মধ্যে নিরাপদ চলাচল—এসবের উপর গুরুত্ব দিতে হবে।
প্রতিটি বড় পুজোর জন্য একটি লিখিত জরুরি স্বাস্থ্য পরিকল্পনা থাকা উচিত। তাতে নিকটবর্তী হাসপাতাল, অ্যাম্বুল্যান্স পরিষেবা, চিকিৎসা সহায়তা কেন্দ্র, জরুরি যোগাযোগের নম্বর এবং রোগী স্থানান্তরের বিকল্প পথ উল্লেখ থাকবে।
এবং সবচেয়ে জরুরি—এই পরিকল্পনাগুলি বাস্তবে কার্যকর কি না, তার যাচাইযোগ্য প্রমাণ থাকতে হবে। প্রশিক্ষণ ও নিরাপত্তা প্রস্তুতিকে যেন শুধুমাত্র অনুমতিপত্র পাওয়ার আনুষ্ঠানিকতা করে তোলা না হয়।
৮. প্রতিটি বড় পুজোয় একজন ডাক্তার—প্রশংসনীয় উদ্যোগ, কিন্তু যথেষ্ট কি?
শুনছি, চোরবাগানের ঘটনার পর প্রতিটি বড় পুজোয় একজন করে ডাক্তার রাখা বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং বড় পুজোগুলিতে সন্নিহিত মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের ডিউটি দেওয়ার কথা ভাবা হচ্ছে। যদি এই খবরটি সঠিক হয়, তাহলে উদ্যোগটিকে অবশ্যই স্বাগত জানাই। বড় জনসমাগমের স্থানে চিকিৎসকের উপস্থিতি জরুরি এবং তাৎক্ষণিক চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু প্রশ্ন হল, এই ব্যবস্থাটি কতটা বাস্তবসম্মত? একজন চিকিৎসক কি একা একটি বড় পুজোর বিপুল জনসমাগমে ঘটে যাওয়া গুরুতর বিপর্যয় সামাল দিতে পারবেন?
কোনও একজন দর্শনার্থী অসুস্থ হয়ে পড়লে বা সামান্য চিকিৎসার প্রয়োজন হলে একজন চিকিৎসক নিশ্চয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। কিন্তু একই সময়ে যদি একাধিক মানুষ আহত হন, শ্বাসকষ্টে আক্রান্ত হন, জ্ঞান হারান কিংবা দ্রুত চিকিৎসা ও স্থানান্তরের প্রয়োজন হয়, তখন একজন চিকিৎসকের পক্ষে সবকিছু একা সামলানো কীভাবে সম্ভব?
চিকিৎসকের উপস্থিতি অবশ্যই দরকার, কিন্তু চিকিৎসককে সাহায্য করার জন্য প্রয়োজনীয় জনবল, সরঞ্জাম, প্রাথমিক চিকিৎসার পরিকাঠামো, অক্সিজেন ও অন্যান্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অ্যাম্বুল্যান্স, রোগী স্থানান্তরের ব্যবস্থা এবং হাসপাতালের সঙ্গে কার্যকর যোগাযোগ না থাকলে সেই উপস্থিতি কতটা কার্যকর হবে?
একজন চিকিৎসককে ডিউটিতে বসিয়ে রাখলেই কি চিকিৎসা-নিরাপত্তা নিশ্চিত হয়ে যায়? নাকি তাঁকে কাজ করার মতো উপযুক্ত ব্যবস্থাও দিতে হয়?
সবচেয়ে বড় আশঙ্কা, এই উদ্যোগটি যদি শুধুমাত্র নিয়মরক্ষার জন্য নেওয়া হয়, তাহলে তা উল্টে সংশ্লিষ্ট চিকিৎসকের উপর অমানবিক চাপ সৃষ্টি করতে পারে। একদিকে হয়তো কোনও মণ্ডপে ডিউটি করা চিকিৎসকের বিশেষ কাজই পড়ল না, কারণ সেখানে কোনও জরুরি ঘটনা ঘটল না। অন্যদিকে, কয়েক কিলোমিটার দূরের অন্য কোনও মণ্ডপে একসঙ্গে বহু মানুষ অসুস্থ বা আহত হলে সেখানে উপস্থিত একজন চিকিৎসক সর্বোচ্চ চেষ্টা করেও পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাবেন।
আরও একটি সমস্যা রয়েছে। একটি মণ্ডপের চিকিৎসককে সাধারণত সেই মণ্ডপের দায়িত্বেই রাখা হবে। অন্য মণ্ডপে বড় বিপর্যয় ঘটলে তিনি সেখানে পৌঁছতে পারবেন কি না, তা নির্ভর করবে তাঁর দায়িত্বের সীমা, যোগাযোগব্যবস্থা, যাতায়াতের পথ এবং তাঁকে প্রতিস্থাপন করার মতো অন্য চিকিৎসক আছেন কি না—এসবের উপর। ফলে একজন চিকিৎসককে একটি মণ্ডপে আবদ্ধ রেখে বৃহত্তর এলাকার চিকিৎসা-জরুরি পরিস্থিতি সামলানোর প্রত্যাশা বাস্তবসম্মত নয়।
এভাবে চললে চিকিৎসক থাকবেন, কিন্তু সমন্বিত জরুরি চিকিৎসাব্যবস্থা থাকবে না। অর্থাৎ, ঢাল-তলোয়ারবিহীন নিধিরাম সর্দার হওয়ার আশঙ্কা থেকেই যাবে।
তাই আমার প্রস্তাব, প্রতিটি বড় পুজোয় একজন চিকিৎসক রাখার পাশাপাশি, আরও কার্যকর একটি ব্যবস্থা গড়ে তোলা হোক।
৯. এক একটি অঞ্চলভিত্তিক শক্তিশালী মেডিক্যাল ও রেসকিউ টিম গঠন করা হোক।
আমার মতে, নির্দিষ্ট ভৌগোলিক এলাকা ও জনসমাগমের সম্ভাবনা বিচার করে এক একটি অঞ্চলে তিন-চারটি সুসংগঠিত মেডিক্যাল ও রেসকিউ টিম গড়ে তোলা যেতে পারে। প্রতিটি টিমে প্রয়োজন অনুযায়ী তিন-চারজন চিকিৎসক, দশ-পনেরোজন নার্স, প্যারামেডিক্যাল কর্মী, প্রশিক্ষিত প্রাথমিক চিকিৎসাকর্মী, উদ্ধারকর্মী এবং অন্যান্য প্রয়োজনীয় সহায়ক কর্মী রাখা যেতে পারে।
অবশ্যই, এই সংখ্যা কোনও চূড়ান্ত মানদণ্ড নয়। সংশ্লিষ্ট এলাকার সম্ভাব্য ভিড়, পুজোর সংখ্যা, হাসপাতালের দূরত্ব, অ্যাম্বুল্যান্সের প্রাপ্যতা এবং ঝুঁকির মূল্যায়নের ভিত্তিতে জনবল নির্ধারণ করতে হবে।
এই টিমগুলির কাজ হবে গোটা এলাকার বড় পুজোগুলির জরুরি চিকিৎসা ও উদ্ধারব্যবস্থার সঙ্গে সমন্বয় রাখা। কোথায় কতটা ভিড় হচ্ছে, কোথায় চিকিৎসার প্রয়োজন দেখা দিয়েছে, কোন মণ্ডপে অতিরিক্ত সহায়তা পাঠাতে হবে এবং কোন হাসপাতাল রোগী গ্রহণ করতে পারবে—এসব তথ্য দ্রুত আদানপ্রদানের জন্য একটি কার্যকর যোগাযোগব্যবস্থা থাকতে হবে।
প্রয়োজনে এই টিমগুলি সংশ্লিষ্ট পুজোর নিজস্ব প্রাথমিক চিকিৎসা কেন্দ্রকে সাহায্য করবে, গুরুতর রোগীকে স্থিতিশীল করার প্রাথমিক ব্যবস্থা নেবে এবং উপযুক্ত অ্যাম্বুল্যান্সের মাধ্যমে হাসপাতালে স্থানান্তরের সমন্বয় করবে।
এতে একজন চিকিৎসককে একা পুরো পরিস্থিতির দায় বহন করতে হবে না। বরং একটি সুসংগঠিত দল সম্মিলিতভাবে কাজ করতে পারবে। কোনও একটি মণ্ডপে হঠাৎ বেশি সংখ্যক রোগী বা আহত মানুষের চিকিৎসার প্রয়োজন হলে কাছাকাছি এলাকার রেসকিউ টিম থেকে অতিরিক্ত জনবল পাঠানোও সম্ভব হবে।
তবে এই ব্যবস্থা কার্যকর করতে হলে কয়েকটি বিষয় নিশ্চিত করতে হবে।
- প্রতিটি টিমের নির্দিষ্ট এলাকা ও দায়িত্ব আগে থেকেই নির্ধারিত থাকতে হবে।
- চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল কর্মী ও উদ্ধারকর্মীদের মধ্যে স্পষ্ট দায়িত্ববণ্টন থাকতে হবে।
- প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, যোগাযোগব্যবস্থা ও উপযুক্ত অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা থাকতে হবে।
- নিকটবর্তী মেডিক্যাল কলেজ, হাসপাতাল, জরুরি বিভাগ এবং অ্যাম্বুল্যান্স পরিষেবার সঙ্গে আগে থেকেই সমন্বয় করতে হবে।
- ভিড়ের কারণে রাস্তা বন্ধ থাকলে বিকল্প প্রবেশপথ ও রোগী স্থানান্তরের পরিকল্পনা প্রস্তুত রাখতে হবে।
- পুজোর আগে মক ড্রিল করে দেখতে হবে, টিমগুলি বাস্তবে কত দ্রুত ঘটনাস্থলে পৌঁছতে ও কাজ শুরু করতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই টিমগুলিকে শুধু কাগজে তৈরি করলে হবে না। নির্দিষ্ট দায়িত্ব, পর্যাপ্ত সরঞ্জাম, প্রশিক্ষণ, যোগাযোগব্যবস্থা এবং বাস্তব মহড়ার মাধ্যমে তাদের কার্যকারিতা নিশ্চিত করতে হবে।
এই ধরনের ব্যবস্থা তৈরি করা গেলে বিপর্যয়ের সম্পূর্ণ মোকাবিলা করা সম্ভব হবে, এমন দাবি করছি না। কিন্তু একা একজন চিকিৎসকের উপর নির্ভর করার তুলনায় অনেক বেশি সুসংগঠিতভাবে পরিস্থিতি সামলানোর সুযোগ তৈরি হবে।
চিকিৎসককে শুধু ডিউটি দেওয়া নয়, তাঁকে সাহায্য করার মতো একটি সম্পূর্ণ ব্যবস্থাপনা গড়ে তোলাই হওয়া উচিত প্রশাসনের লক্ষ্য।
১০. প্রতিটি মণ্ডপে প্রশিক্ষিত ফার্স্ট এইড টিম থাকা বাধ্যতামূলক করা হোক।
অঞ্চলভিত্তিক মেডিক্যাল ও রেসকিউ টিম যতই শক্তিশালী হোক না কেন, প্রতিটি মণ্ডপে প্রাথমিক চিকিৎসার নিজস্ব ব্যবস্থা থাকা অত্যন্ত জরুরি।
কারণ, বিপর্যয়ের সময় প্রথম কয়েক মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। দূরের কোনও মেডিক্যাল টিম বা অ্যাম্বুল্যান্স ঘটনাস্থলে পৌঁছনোর আগেই প্রশিক্ষিত কর্মীরা পরিস্থিতি বুঝে প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা দিতে পারবেন এবং দ্রুত চিকিৎসা সহায়তা ডেকে পাঠাতে পারবেন।
প্রতিটি মণ্ডপের আকার ও সম্ভাব্য দর্শনার্থীর সংখ্যা অনুযায়ী প্রশিক্ষিত ফার্স্ট এইড কর্মী, নির্দিষ্ট চিকিৎসা সহায়তা কেন্দ্র, প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম এবং জরুরি যোগাযোগব্যবস্থা থাকতে হবে।
এই প্রশিক্ষণ শুধু নামমাত্র হওয়া উচিত নয়। প্রাথমিক চিকিৎসা, CPR-এর উপযুক্ত প্রশিক্ষণ, জরুরি অবস্থায় সাহায্য চাওয়া, রোগীকে নিরাপদে স্থানান্তরের জন্য প্রস্তুত করা এবং প্রশিক্ষণের সীমার মধ্যে থেকে কাজ করার বিষয়ে তাঁদের দক্ষতা থাকতে হবে।
এখানে একটি বিষয় স্পষ্ট করা দরকার—প্রাথমিক চিকিৎসাকর্মী চিকিৎসকের বিকল্প নন। তাঁদের কাজ হল দ্রুত প্রাথমিক সহায়তা দেওয়া, বিপদের লক্ষণ চিনতে পারা এবং প্রয়োজন হলে অবিলম্বে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা।
অর্থাৎ, প্রতিটি মণ্ডপে থাকবে প্রশিক্ষিত প্রাথমিক চিকিৎসা দল, আর বৃহত্তর এলাকায় থাকবে শক্তিশালী মেডিক্যাল ও রেসকিউ টিম। এই দুই ব্যবস্থার মধ্যে সমন্বয় থাকলেই একটি কার্যকর জরুরি স্বাস্থ্যব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
পুজোর অনুমতি দেওয়ার আগে এই ব্যবস্থাগুলির বাস্তব উপস্থিতি ও কার্যকারিতা যাচাই করা হোক। কারণ, দুর্ঘটনা ঘটার পরে একজন চিকিৎসককে ডেকে পাঠানোর চেয়ে দুর্ঘটনার প্রথম মুহূর্ত থেকেই সঠিক সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকা অনেক বেশি জরুরি।
শুধু সরকার নয়, দায়িত্ব আমাদেরও
এতক্ষণ প্রশাসন, পুলিশ ও পুজো উদ্যোক্তাদের দায়িত্বের কথা বললাম। কিন্তু সাধারণ মানুষ হিসেবে আমাদের কি কোনও দায়িত্ব নেই? অবশ্যই আছে।
ভিড় দেখেও জোর করে মণ্ডপে ঢোকার চেষ্টা করা, সামনে এগিয়ে যাওয়ার জন্য ধাক্কাধাক্কি করা, বেরোনোর পথ বন্ধ করে দাঁড়িয়ে থাকা, জরুরি নির্দেশ অমান্য করা কিংবা বিপজ্জনক পরিস্থিতিতেও শুধু ছবি তোলার জন্য ভিড়ের মধ্যে থেকে যাওয়া—এসব আচরণও বিপদ বাড়িয়ে দিতে পারে।
শিশু, প্রবীণ ও অসুস্থ মানুষকে সঙ্গে নিয়ে বেরোলে তাঁদের সক্ষমতা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা দরকার। পরিস্থিতি বিপজ্জনক মনে হলে ভিড়ের মধ্যে ঢোকার জেদ না করে ফিরে আসার সিদ্ধান্ত নিতে হবে।
তবে নাগরিকের দায়িত্বের কথা বলে প্রশাসনিক ব্যর্থতাকে আড়াল করা যাবে না। নিরাপদ পরিবেশ তৈরি করা প্রশাসন ও আয়োজকদের দায়িত্ব; সেই পরিবেশের মধ্যে দায়িত্বশীল আচরণ করা নাগরিকের কর্তব্য। দুটোই জরুরি।
আর একটি প্রশ্ন আমাদের নিজেদেরও করা উচিত। আমরা কি সত্যিই সর্বজনীন পুজোর ধারণায় বিশ্বাস করি? নাকি ভিআইপি পাস, বিশেষ পরিচিতি, আলাদা প্রবেশপথ এবং অন্যদের তুলনায় বেশি সুবিধা পাওয়ার আনন্দেই আমাদের উৎসবের একটা বড় অংশ সীমাবদ্ধ হয়ে পড়েছে?
সর্বজনীন পুজো শুধু একটি নাম নয়। এর অর্থ এমন একটি উৎসব, যেখানে প্রত্যেকের নিরাপত্তা, মর্যাদা ও অংশগ্রহণের অধিকার সমান গুরুত্ব পাবে।
শোকের ভাষা আর আচরণের মধ্যে যেন ফারাক না থাকে
মর্মান্তিক ঘটনার পরে সমবেদনা জানানো স্বাভাবিক এবং প্রয়োজনীয়। কিন্তু সেই সমবেদনার ভাষার সঙ্গে আচরণেরও মিল থাকা দরকার।
যাঁরা শোক প্রকাশ করছেন বিশেষত শাসক দলের (যেহেতু তাঁদের দায়িত্ব সুলভ আচরণের দায়ভার তুলনামূলক বেশি), তাঁদেরই কেউ কেউ যদি একই সময়ে প্রচারের আলোয় থাকার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে পড়েন, নিজেদের মণ্ডপে ভিআইপিদের নিয়ে আদিখ্যেতায় ব্যস্ত থাকেন, মুখে এক কথা বলে একগাল হেসে যদি ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সংবেদনশীলতার বদলে মিডিয়াতে নিজেদের উপস্থিতি তুলে ধরাই মুখ্য হয়ে ওঠে, তাহলে সেই আচরণ নিয়ে প্রশ্ন উঠবেই। কিন্তু জনজীবনে দায়িত্বশীলতার প্রকাশ কেবল বক্তব্যে নয়, আচরণেও প্রত্যাশিত।
দুর্ঘটনার শিকার মানুষ ও তাঁদের পরিবারের কাছে সমবেদনার পাশাপাশি দরকার যথাযথ সহায়তা, স্বচ্ছ তদন্ত, জবাবদিহি এবং ভবিষ্যতে এমন বিপর্যয় ঠেকানোর কার্যকর পদক্ষেপ।
শেষ কথা
এই লেখাটি কোনও রাজনৈতিক দলের বিরুদ্ধে অভিযোগপত্র নয়। আবার কোনও সরকারকে আড়াল করার চেষ্টাও নয়। আমি কোনও সেলিব্রিটি নই, কোনও তথাকথিত বুদ্ধিজীবীও নই। আমার বুদ্ধি খুব সামান্য হতে পারে, কিন্তু একজন সাধারণ নাগরিক হিসেবে প্রশ্ন তোলার অধিকারটুকু নিশ্চয়ই রয়েছে।
আমরা প্রত্যেকেই চাই দুর্গাপুজো আরও সুন্দর হোক, আরও বড় হোক, আরও আকর্ষণীয় হোক। কিন্তু তার চেয়েও বেশি চাই, পুজো দেখতে বেরিয়ে মানুষ যেন নিরাপদে বাড়ি ফিরতে পারেন।
চোরবাগানের ঘটনা যদি আমাদের শুধু কয়েক দিনের শোক, রাজনৈতিক তরজা এবং পারস্পরিক দোষারোপের মধ্যে আটকে রাখে, তাহলে আমরা কিছুই শিখলাম না।
আর যদি এই ঘটনা আমাদের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতাগুলি খুঁজে বের করতে, প্রশাসনকে জবাবদিহির আওতায় আনতে, পুজো উদ্যোক্তাদের দায়িত্বশীল করতে এবং নিজেদের আচরণ সংশোধন করতে বাধ্য করে, তবেই এই মর্মান্তিক ঘটনার পরিণতিতে অন্তত একটি ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি হতে পারে।
উৎসব মানুষের জন্য। মানুষ উৎসবের জন্য নয়।
আর কোনও কারোর আনন্দ যেন এভাবে শোকে পরিণত না হয়—এইটুকুই আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব, প্রত্যাশা ও অঙ্গীকার হওয়া উচিত।
©ডাঃ ধীরেশ।
মহানবমী, ১৪৩৩।
















