Tuesday, November 10, 2026
WA
Home Bangla বিদেশে দৈবের বশে পুজোর দিবসে হিউস্টনেঅমিত গোস্বামী

বিদেশে দৈবের বশে পুজোর দিবসে হিউস্টনেঅমিত গোস্বামী

0
15
Buy on Amazon
Buy Now on Amazon

বিদেশে দৈবের বশে পুজোর দিবসে হিউস্টনে
অমিত গোস্বামী

পুজোর ফারাকঃ

দৈবের বশে পুজো কাটছে বিদেশে। বাংলার পুজোর সাথে প্রবাসের পুজোর পার্থক্য প্রচুর। তার থেকেও বেশি পার্থক্য বিদেশের পুজোর সাথে। কলকাতার পুজো এখন থিম নির্ভর ও শাস্ত্র নির্ভর নয়, পুরোটাই শিল্প ও প্রচার নির্ভর। সোশাল মিডিয়ার সৌজন্যে পিতৃপক্ষের পরে তৃতীয়ার মধ্যে সোশাল মিডিয়ায় ছবি ও ভিডিও দেখলেই কলকাতার দুর্গাপুজো ফিনিশ। নিতান্তই অল্পবয়েসী বা হুজুগে না হলে পুজো দেখতে গেলে যুদ্ধমনন থাকতেই হবে। হুজুগে যোগ করলাম কারন সম্প্রতি দেখছি আমাদের বুড়ো বান্ধবীরা পুজোপরিক্রমা করছেন হাঁটুর খেটোবাত হজম করে। আবার কিয়ারা আদভানি, কৃত্তি সানন ও জাহ্নবী কাপুর অ্যালাইক ছবি তুলে পোস্ট করছেন। এরা কারা? আলিয়া ভাট অবধি জানতাম। এরা নতুন নায়িকারা। তাদের মত হওয়ার কী ঐকান্তিক প্রচেষ্টা দেখি ষাটোর্ধদের। এরা কেন যে ইন্দিরা গান্ধী হতে চায় না, কে জানে।

প্রবাসে পুজোও জম্পেশঃ

প্রবাসে পুজো বলতে আমার কাছে দিল্লির পুজো। পুরোটাই মনে হত কলকাতার পুরোন কালচার। আড্ডার মুড প্রবাসের পুজোয় সকাল থেকে। দুপুরে গনভোজন। পাত পেড়ে খিচুড়ি লাবড়া চিরকালীন হলেও হালে জুটেছে বাসন্তী পোলাও ও আলুর দম। শেষে লাড্ডু। এখানে পুজোর ধারে কাছে আমিষের গন্ধ পাবেন না। তা’হলে অবাঙালিরা আসবে না। ওরা না এলে ঢালাও স্পনসরশিপ আসবে কোথা থেকে? দেখুন, এই খাওয়ানোর প্রবণতা অবাঙালিদের কিঞ্চিৎ বেশি। কথায় কথায় ওরা ভান্ডারা খুলে পাবলিক খাওয়ায়। সেখানে দুর্গাপুজোয় খাওয়ানো তো মহাপূন্যের কাজ। স্পনসরদের পরিবারের লোকজন প্রথম থেকেই খালি পায়ে পরিবেশন করে। তারপরে হাত লাগায় অন্যেরা। সন্ধে হতেই সাংস্কৃতিক অনুষ্ঠান। তখন প্রতিমা দর্শণ করেই জিলে লে, জিলে লে। রাতে উদ্যোক্তাদের তরফে ব্যবস্থা নেই। হিজ হিজ হুজ হুজ। মাঝেমধ্যেই আড়াল দেখে ঢালুক ঢুলুক। গাড়ির ডিকির চেয়ে ভাল বার আর কোথায়? তবে ড্রাইভার থাকা মাস্ট। ধরলেই শ্রীঘর। কিন্তু ভারত তো দু’পাঁচশ গলিয়ে দিলে নিজের গলে যেতে কতক্ষণ? সপ্তমী অফিস করলেও অষ্টমী থেকে দশেরা ভোকাট্টা।

বিদেশে হিউস্টনের পুজোঃ

বিদেশে পুজোয় এবারই প্রথম বলা যায়। ভুটানে সম্ভবত পুজোর দিন দুয়েক পেয়েছিলাম। পুজো ছিল না। বাংলাদেশে পুজোয় যাব-যাচ্ছি করে যাইনি। বেড়াতে কখনও গেলেও পুজোর শেষ বা আগের দিনে। কিন্তু আগমার্কা বিদেশে পুজো এবারই। আমেরিকার হিউস্টনে। হিউস্টন দুর্গাবাড়ি আমেরিকায় প্রথম তিনটি দুর্গামন্দিরের মধ্যে পড়ে। ভার্জিনিয়ার দুর্গামন্দির ও ওয়াশিংটন ডিসির পাশে লোর্টনের দুর্গামন্দিরও এর পাশে আছে। প্রায় ৬ একর জমির ওপরে এই মন্দির। নব্বইয়ের দশকের মাঝামাঝি সময়ে হিউস্টন ও পার্শ্ববর্তী এলাকার প্রবাসী বাঙালিদের মাথায় ভাবনা আসে, ১৯৯৫ সালের মহালয়ার দিন স্থানীয় কয়েকজন উদ্যোক্তার উদ্যোগে ‘হিউস্টন দুর্গাবাড়ি সোসাইটি’ গঠন হয়। ১৯৯৮ সালে ভিত্তিপ্রস্তর স্থাপনের পর ২০০০ সালের মধ্যে মন্দির হয় এবং ২০০১ সাল থেকে নিয়মিত পুজো হচ্ছে। এখানে আছে অষ্টভুজাকৃতির মূল মন্দির, সুর অডিটোরিয়াম ও খোলা প্রাঙ্গণ ও মেলা প্রাঙ্গণ। দুর্গাপূজায় তুমুল ভিড় হয়। কমপক্ষে অষ্টমীর দিন ১০০০০ লোক অঞ্জলি দিলেন। এখানে কলাভবন আছে যেখানে শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, তবলা, অঙ্কন এবং ভারতীয় শাস্ত্রীয় নৃত্য শেখানো হয়। বাংলা স্কুল আছে, নাট্যোৎসব ও সাহিত্য সভা ও বৈশাখী মেলা ও আনন্দমেলা সংগঠিত হয়। এই প্রতিষ্ঠানটি নিছক উপাসনালয় অতিক্রম করে একটি পূর্ণাঙ্গ বাঙালি সমাজ ও সাংস্কৃতিক জীবনধারার প্রতীক হয়ে উঠেছে।

এখানে চলো আইন মাফিকঃ

এখানকার পুরোহিত স্থায়ী। রোজ পুজো হয়। রবিবার ও ছুটির দিনে ভোগ হয় যেমন হয় বেলুড় মঠে। দুর্গাপুজোয় তিথি অনুসারে যেমন পুজো হয় আবার শনিবার ও রবিবার শারদীয়া তিথি না পড়লেও উৎসব হয়। পুজোর তিথি যদি শনিবার ও রবিবারে না পড়ে তা’হলে গোটা আমেরিকাতে আগের বা পরের শনিবারে ধুমধাম করে দুর্গাপুজো করা হয়। দেড়শ’র বেশি পুজো হয় আমেরিকাতে। মন্দির মাত্র তিনটি বা চারটি। কাজেই স্কুল বা অডিটোরিয়াম ভাড়া করে করা হয়। হিউস্টন দুর্গাবাড়ির পুজো এতটাই বড় যে গাড়ি পার্কিং অন্তত তিন মাইল দূরে। সেখানে পার্ক করে গোটা পাঁচেক বাস দেওয়া আছে, উঠে পড়ো ও চলে যাও। মন্দিরের পার্কিং শুধুমাত্র বেশ বৃদ্ধ, পায়ের সমস্যা বা বিশেষভাবে সক্ষমদের জন্যে রিজার্ভড। আমেরিকায় এসে যে বিষয়টা শিখলাম তা হল ভীষণরকমের আইনমানা ও পহেলে আপ সংস্কৃতি। আমাদের দেশে যাই প্রচার থাক না কেন, আইন মানার ক্ষেত্রে কোন ছাড় নেই সে আপনি যে হনুই হন। আমি ৩৬ বছর গাড়ি চালাচ্ছি। এখানে এসে চালাতে গেলে লাইসেন্স বাজেয়াপ্ত হত। অন্তত দেড় মাস পরে বলতে পারছি যে এখন আমি চালানোর যোগ্য।

চোরবাগানে মৃত্যু, এ আমার এ তোমার দায়ঃ

এখানে পুজো মন্ডপে বসেই খবর পেলাম যে চোরবাগানে দর্শণার্থীদের মৃত্যু ঘটেছে। নির্ভেজাল শোক নেমে এল। আরেকটা কথা স্পষ্টই বলি যে আমাদের মনন কাঁপিয়ে যে উনিশটা প্রাণ ঝরে গেল তার জন্যে আমরা দায়ী নই। রাজনীতি পরের কথা। কে কাকে গ্রেফতার করে কাকে দায়ী চিহ্নিত করবেন, সে’গুলি অবান্তর। নিয়ম মানার শিক্ষা কি আমাদের আছে? যেখানে সামান্যতম ঝুঁকি থাকে সেখানে সেই ঝুঁকিকে বাদ দেওয়ার শিক্ষাই আমাদের নেই। উদাহরণ থেকে শিক্ষা নেওয়া? নাহ, তাও নেই। না’হলে ২০১৫ সালে দেশপ্রিয় পার্কে ৮৮ ফুটের দুর্গা প্রতিমা দেখতে চতুর্থীর সন্ধ্যায় ১১ জন আহত হওয়ায় পুজো বন্ধ হয়েছিল। সে’কথা মনে নেই ? আসল সমস্যা অন্য জায়গায় এবং সর্বক্ষেত্রে হচ্ছে। পালাবদলের পরে নব্য বিজেপিরা তৃণমূলী অর্থ ও খ্যাতিবৃদ্ধির জায়গাগুলি দখল করছে। ফলে একই গড্ডালিকায় গা ভাসানোর প্রবণতা বাড়ছে। এই জায়গা থেকে দলকে বার করতে হবে। সিপিএম-এর অস্তিত্ব সোশাল মিডিয়ায় ও যাদবপুর এইটবি বাসস্ট্যান্ডের কাছে হালকা হলেও আছে। তাদের নিরামিষ বইয়ের স্টল ভাঙার সিদ্ধান্ত সরকারের কে নিয়েছেন? এই প্রশ্নের উত্তর মানুষ চাইবে। ইঁদুরকে বাঘ বানানো যায় না, জানি, কিন্তু বাঘরোল কেন বানাবো?

ইমনের পোস্ট আমেরিকায় হাসির খোরাক হলঃ

এদিকে কলকাতার ইমন চক্রবর্তী সোশাল মিডিয়াতে তুমুল উত্তেজিত হয়ে অভিযোগ করেছেন যে ডালাস বিমানবন্দর থেকে ক্যালিফোর্নিয়া যাওয়ার পথে অ্যামেরিকান এয়ারলাইন্সের কর্মীরা তাদের সম্ভবত ৪ জনকে বিমানে উঠতে দেয়নি, তাতে তারা আহত ও অপমানিতবোধ করে জনগনকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী তাদের বাদ্যযন্ত্র তারা নিরাপত্তার সময় স্ক্যান করতে দেননি কারণ বাদ্যযন্ত্রের যদি ক্ষতি হয় স্ক্যানিং-এর সময় এয়ারলাইন্স কতৃপক্ষ দায় নেবেন না। এবার অত্যন্ত দায়িত্ব নিয়ে বলি যে আন্তর্জাতিক বিমানে সফর করার অভিজ্ঞতা থেকে বলি যে আপনার বাদ্যযন্ত্র বা বহনকৃত সকল জিনিষ নিরাপত্তা রক্ষীরা স্ক্যান করবেই, এটা নিরাপত্তার প্রশ্ন। জনৈক শিল্পী যে নিয়মিত আমেরিকায় প্রোগ্রাম করেন তিনি তো আমায় চমকে দিলেন। বললেন, এই অতি বিপ্লবের ফলে যদি অ্যামেরিকান এয়ারলাইন্স যদি তাকে অবাঞ্ছিত ঘোষনা করে তাদের সুনামহানির জন্যে, সেক্ষেত্রে অন্য এয়ারলাইন্সেও টিকিট করতে অসুবিধে হবে। আর এখানকার শিল্পীরা বেশিরাই চার্টার্ড ফ্লাইটে যাতায়াত করেন। আমেরিকাতে কম শিল্পী আছে? তারাও তো ট্র্যাভেল করছে। ইমন চক্রবর্তীর ফেসবুক পোস্ট এখানে হাসির খোরাক হয়েছে।

পৈতেধারী অ্যান্ডি রবার্টস, পল রবসনের সংস্কৃত মন্ত্রোচ্চারণঃ

সে’যাক, পুজোয় মজা লাগছে বিদেশিনী স্ত্রী বা প্রেমিকা (সবাই শ্বেতাঙ্গী নন) কঠিন সংস্কৃত মন্ত্র উচ্চারণ করছেন এবং বেশ জোরেই, সেটা দেখে। শাড়ি পরা মেমসাহেব দেখেছেন, কিন্তু কৃষ্ণকলি দেখেছেন ক’জন? পল রবসনের মত দেখতে এক বছর পনেরোর কিশোরের কন্ঠে বিশুদ্ধ সংস্কৃত মন্ত্রোচ্চারণ শুনে ওর পিছনে দাঁড়ানো মানুষটিকে দেখলাম। নির্ভেজাল ব্রাহ্মণ সন্তান। ছেলেকেও পৈতে দিয়েছেন। ভাবতে পারেন যে অ্যান্ডি রবার্টস বা চিমা ওকেরি পৈতেধারী? তবে এখানকার দ্বিতীয় প্রজন্মের ছেলেমেয়েদের বাংলা শুনে দুয়েকবার কানে লাগলেও যেটা ভাল লাগল তা হল যে ওরা বাংলা বলছে। অন্তত পুজোর দিনে। না’হলে ওদের সুযোগ কোথায়? কেনই বা বলবে? তবে আজ অষ্টমীর দুপুরে অঞ্জলি দিলেন ৮ টি ব্যাচ। প্রতি ব্যাচে ৪০০ জন করে। নিয়ম ভাঙার প্রবণতা কারোর নেই। তাই বিষয়টা খুব মসৃণ। দুপুরে প্রসাদ কিছুটা পোলাও, সামান্য ভাজা ও একটা পেল্লায় মিষ্টি। চাইলে ফলও নেওয়া যায়। তবে এর বাইরেও আলাদা লাঞ্চ আছে। খিচুড়ি, বেগুনি, বাঁধাকপির তরকারি, টমেটো-আমসত্ত্বের চাটনি ও রসগোল্লা। মূল্য দিয়ে অবশ্যই। ১৫ ডলার দিতে হবে। বাচ্চাদের আলাদা লাঞ্চ। পিৎজা, কোক, চিপস দিয়ে থালি। ওদের বসার জায়গা আলাদা। তবে কোন বাচ্চা বড়দের লাঞ্চ খেতে চায়, তাহলে সেটাই দেবে।

বসুধৈব কুটুম্বকম, এক পৃথিবী এক পরিবারঃ

ওহাইওর ক্লিভল্যান্ডে আমার ভাই একটি পুজোর কর্তা। ওখানে গতকাল সপ্তমী, অষ্টমী পুজো হয়ে গেছে, নবমী, দশমী বিসর্জণ আজ। বিসর্জণ মানে প্রতিমা নিরঞ্জন নয়। প্রতিমা থাকবে কারো বাড়িতে। আসছে বছর রঙ চাপিয়ে আবার হবে। তবে বিদেশে না এলে বাঙালি চেনা মুশকিল। নিজস্বতা ছাড়তে পারে না যেমন পুরোন গান, পুরোন মস্করা, কুচুটেপনা একই সাথে ভীষন রকমের ভারতীয় হয়ে ওঠেন প্রত্যেকেই। আর হ্যাঁ, এখানে অনেক ভিন্ন ধর্মের, ভিন্ন বর্ণের, ভিন্ন ভাষার মানুষদের বিয়ে হয়। হিউস্টনে দুর্গাবাড়িতে সকলে সমান স্বাগত। তবে টিন এজাররা বিশেষত যাদের জন্ম এ’দেশে তাদের সাথে বাবা’মায়ের এই আমেরিকান সংস্কৃতির সাথে, ভাষার সাথে একাত্ম হয়ে যাওয়া নিয়ে একটা সংঘাত থেকেই যায়। তাই আগের প্রজন্ম এদের আড়ালে বলে ABCD – AMEEICAN BORNED CONFUSED DESI। এই নবীন প্রজন্ম আড়ালে প্রথম প্রজন্মকে ডাকে FOB – FRESH OUT OF THE BOAT. বুঝুন। এখানে পৃথিবীর মানুষ যেভাবে মিশে গেছে ও যাচ্ছে তাতে ভবিষ্যতে শুধু অ্যামেরিকান ছাড়া আর কোন পরিচয় এদের থাকবে না। আমার শালীর পুত্র যে আইস হকির ইয়ং স্টার বলে আমি By origin Indian, by citizenship Canadian, will play for USA. এবার আমি কোন দেশের তুমি ঠিক করে নাও, মেসো। সত্যিই তো বাবা, তোমরা পৃথিবীর হও, উপনিষদে তো বলেছে বসুধৈব কুটুম্বকম, এক পৃথিবী এক পরিবার।
#durgapuja #houston #houstondurgabari #durgabari #pujaspecial #usa #usadurgapujo #hinduism

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Adblocker detected! Please consider reading this notice.

We've detected that you are using AdBlock Plus or some other adblocking software which is preventing the page from fully loading.

We don't have any banner, Flash, animation, obnoxious sound, or popup ad. We do not implement these annoying types of ads!

We need money to operate the site, and almost all of it comes from our online advertising.

Please add https://www.ibgnews.com to your ad blocking whitelist or disable your adblocking software.

×
Verified by MonsterInsights